এসএসসি ও জেএসসি গণিত সৃজনশীল
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:০৬
মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, পরীক্ষক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
শিক্ষক (গণিত)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
আজ আমরা একটি মানসম্মত বহুনির্বাচনী প্রশ্ন কী রকম হওয়া উচিত তা আমরা জানার চেষ্টা করব।
বহুনির্বাচনি প্রশ্নের একটি উদ্দীপক (Stem)/ নির্দেশনা (Instruction) থাকে এবং তার ভিত্তিতে কতগুলো বিকল্প উত্তর (Options) দেয়া থাকে। যার মধ্যে একটি সঠিক উত্তর (Key) এবং বাকীগুলো থাকে বিক্ষেপক (distractors) যা সঠিক উত্তর নয় । তবে বিক্ষেপকগুলো এমনভাবে প্রণয়ন করা হয় যাতে মোট পরীক্ষার্থীর ৫% এই দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
একটি উদাহরণ লক্ষ করা যাক-
প্রশ্নঃ ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
ক) ৩.৬০ বিক্ষেপক/ distractors
খ) ৪.২৫ সঠিক উত্তর/ Answer Key
গ) ৬.৩৩ বিক্ষেপক/ distractors
ঘ) ৭.৪০ বিক্ষেপক/ distractors
বহুনির্বাচনী প্রশ্ন প্রণয়নের জন্যে কিছু নীতিমালা
বহুনির্বাচনী প্রশ্নের উদ্দীপক-
প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করবে।
সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে হবে।
অপ্রাসঙ্গিক উপাদান মুক্ত হবে।
প্রয়োজনীয় শব্দ অন্তর্ভুক্ত থাকবে (উত্তরসমূহে কোনো শব্দের পুনরাবৃত্তি থাকবে না)।
হ্যাঁ বোধক হবে ( আর ‘না’ বোধক শব্দের ব্যবহার অনিবার্য হলে শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে এমনভাবে লিখতে হবে। যেমন- শব্দটি Bold বা Under line হতে পারে।
এমন কোনো ইঙ্গিত থাকবে না যাতে পরীক্ষার্থী উত্তরগুচ্ছ থেকে সঠিক উত্তর বাছাই করতে পারে এবং ভুল উত্তর বাদ দিতে পারে।
নেতিবাচক ধারণার সৃষ্টি করবে না, অর্থাত্ ইতিবাচক হবে।
বিকল্প উত্তরসমূহ -
বিষয়বস্তু এবং ব্যাকরণগত গঠনের দিক থেকে প্রশ্নের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে।
প্রশ্নের অসম্পূর্ণ বাক্যকে অর্থপূর্ণ করে তুলবে।
পরীক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকতে হবে ( প্রতিটি বিকল্প উত্তর মোট পরীক্ষার্থীর কমপক্ষে ৫% পরীক্ষার্থীদের পছন্দ করার সম্ভাবনা থাকতে হবে)।
ক্রমানুযায়ী তালিকাভুক্ত হবে
( সংখ্যাবাচক হলে)।
দৈর্ঘ্যে প্রায় পরস্পর সমান হবে (বাক্যে শব্দ বেশি হলে তা সঠিক উত্তর হবার সম্ভাবনা থাকে)।
Mutually exclusive/ Mutually inclusive যথাসম্ভব পরিহার করবে (প্রকৃতপক্ষে সে ক্ষেত্রে বিকল্প উত্তরের সংখ্যা কমে যায়)।
‘উপরের সবগুলো সঠিক’ / ‘উপরের কোনটি সঠিক নয়’ এরূপ বাক্য যথাসম্ভব
পরিহার করতে হবে।
একটি বহুনির্বাচনি প্রশ্নপত্রের বিভিন্ন প্রশ্নের বিকল্প বা উত্তরগুচ্ছে সঠিক উত্তরের (Answer Key) ক্রমিক সংখ্যা (Serial Number) এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সঠিক উত্তরের কোনো নির্দিষ্ট ক্রম (Sequence) না থাকে।
এবার আসা যাক কয় ধরনের বহুনির্বাচনী প্রশ্ন হতে পারে?
এসএসসি ও জেএসসি পরীক্ষায় বা বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় তিন ধরণের বহুনির্বাচনী প্রশ্ন থাকতে পারে। ধরন তিনটি হল-
১. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
(Simple MCQ)
২. বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
( Multiple Completion MCQ)
৩. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন (Situation set MCQ)
আগামীকাল থাকবে বহুনির্বাচনী প্রশ্নসমুহের উপর আলোচনা