এসএমই ব্যাংকিংয়ের মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি :গভর্নর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ব্যাংকিংয়ের সেবার মান ও পরিবেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। তবে এ খাতে অনেক পরিবর্তন এসেছে। এখন সবাই মিলে এ পরিবর্তনকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিতে হবে। আর নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অর্থায়নের বাধাসহ সব বাধা দূর করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শাহজাহান খান ও সাবেক সভাপতি সবুর খান, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার প্রমুখ এ সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের ১০০ কোটি টাকা ছাড় নিয়ে তফসিলি ব্যাংক ও ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বারের মধ্যে চুক্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। ডিসিসিআই’র দুই হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ডিসিসিআই’র সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করেছে। সে প্রকল্পের অংশ হিসাবেই ১০০ কোটি টাকার এ তহবিল। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষিত ও নির্বাচিত উদ্যোক্তাদের সহজ শর্তে এবং শুধু ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রাথমিক অর্থায়ন সুবিধা পাবেন। এ ঋণের সুদহার সর্বোচ্চ ১০ শতাংশ।