মি নি ই ন্টা র ভি উ
সব ছবি নিয়েই সমান প্রত্যাশা থাকে
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২০:৫৪
হালের জনপ্রিয় নায়ক জায়েদ খান। ঈদ এবং ঈদ পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড নায়ক। আসছে ২২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘অদৃশ্য শত্রু’। মুক্তির অপেক্ষায় থাকা ছবি ও বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিনের। সাক্ষাত্কার
নিয়েছেন দিব্যজ্যোতি
‘অদৃশ্য শত্রু’ সম্পর্কে জানতে চাই।
‘অদৃশ্য শত্রু’ আমার এগারোতম চলচ্চিত্র। মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনায় ও সোহেল রানার প্রযোজনায় ছবিটিতে আমার বিপরীতে কাজ করেছেন নবাগত প্রিয়া আমান।
ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
অবশ্যই অনেক। আসলে সব ছবি নিয়েই সমান প্রত্যাশা থাকে। তারপরেও এই ছবি নিয়ে বেশি প্রত্যাশার কারণ ছবিটার গল্প। প্রায় ১০০টি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘অদৃশ্য শত্রু’। আমি যথেষ্ট আশাবাদী।
ঈদ কেমন কাটলো?
ঈদের দিন সকালে আমি আমার গ্রামের বাড়ি পিরোজপুরে পৌঁছাই। পিরোজপুর আমার জন্মস্থান। আর ঈদের পরদিন ছিল আমার জন্মদিন। বেশ ভালো সময় কেটেছে।
এখন ব্যস্ততা কেমন?
একটু ব্যস্ত সময় পার করছি। হাতে রয়েছে শাহ আলম মানিকের ‘ভালোবাসা সীমাহীন’, রাকিবুল আলম রাকিবের ‘হিটার’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘তোমার প্রেমে পড়েছি’ এবং মনতাজুর রহমান আকবরের ‘লাভ ইন মালয়েশিয়া’।