আবারও সালমানকে খোঁচা দিলেন শাহরুখ!

সালমান খানকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা শাহরুখ খান! মনে হচ্ছে, শাহরুখ-সালমানের দীর্ঘদিনের দ্বন্দ্ব অবসান হয়েছে? না, আসলে ইটের জবাবে পাটকেলটিই মেরেছেন কিং খান। সম্প্রতি সালমান খান এক সাক্ষাত্কারে শাহরুখকে খোঁচা মেরে ‘বলিউড কিং’ বলেন। জবাবে শাহরুখ বলেছেন যে, সালমান খানের দেওয়া এই তকমায় তিনি সম্মানিত বোধ করছেন। এতদিন ধরে নিরলস সমর্থনের জন্য ভক্ত ও সহকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ। সালমানের নাম উল্লেখ না করে শাহরুখ বলেন, ‘আমাদের প্রত্যেকেরই যথেষ্ট সুনাম আছে। অনেক বছর ধরেই আমরা মানুষকে আনন্দ দেওয়ার কাজটি করে আসছি। সুতরাং এসব টাইটেল বা সংখ্যায় আসলেই কিছু যায় আসে না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যে আমাকে স্মরণ করে তাকে আমি ধন্যবাদ জানাবো। ঈশ্বর আমার সহায় হয়েছেন।’ উল্লেখ্য, সালমানের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘কিক’ ইতোমধ্যেই ব্যাগে পুড়েছে প্রায় দেড়শ কোটি রুপি। আর এই ছবি দিয়েই বলিউডের প্রথম কোনো অভিনেতা হিসেবে একটানা ৭টি একশ কোটির ছবি উপহার দিলেন। আর ‘কিক’ ছবির সাফল্য নিয়ে কথা বলার এক পর্যায়ে সালমান খোঁচা মেরে শাহরুখকে বলিউড কিং বলেন।