শিক্ষিকাসহ পৃথক ঘটনায় নিহত সাত
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:২২
ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
বোরহানউদ্দিনে শিক্ষিকা নিহত
ভোলার বোরহানউদ্দিনে গতকাল রবিবার সকালে মোটর সাইকেল আরোহী শিক্ষক দম্পতি তজুমদ্দিন থেকে ভোলা যাবার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিলুফার ইয়াসমিন শান্তি (৩৬) নিহত ও স্বামী শিক্ষক মো. ইউসুফ আহত হন। ইউসুফকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নিলুফার তজুমদ্দিনের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার ইউসুফ জগন্নাথপুর-২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, শিক্ষক দম্পতি মোটর সাইকেলযোগে ভোলা যাবার পথে আবুল মিয়ার বাজারের কাছে ভেড়ার পালের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে নিলুফার ইয়াসমিন ঘটনাস্থলেই মারা যান।
পাকুন্দিয়ায় সৌদী প্রবাসী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত সোহেল পৌর সদরের হাপানিয়া এলাকার তাহের উদ্দিনের ছেলে। সোহেল ও রাব্বানী মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ থেকে আসার পথে ভেকু গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই সোহেল মারা যায়। আহত রাব্বানীকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে মোটরসাইকেল আরোহী নিহত
জয়পুরহাটের মঙ্গলবাড়িতে গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় বিমল চন্দ্র নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে বিমল চন্দ্র ঘটনাস্থলেই মারা যান।
পাংশায় চালকের লাশ উদ্ধার
রাজবাড়ী পাংশা উপজেলার শরিষা ইউপির দুধখোল এলাকার একটি ডোবা থেকে গতকাল রবিবার সকালে জিন্নাহ মন্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শনিবার সকালে বাড়ি থেকে কুষ্টিয়া জেলা শহরে ভাড়ায় যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পাংশা থানার ওসি আবুল বাশার মিয়া জানান, নিহত জিন্নাহ মণ্ডল ভাড়ায় চালিত মটরসাইকেলের চালক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মাগুরায় সড়ক দুর্ঘটনায়
শিশু নিহত
মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা এলাকায় গত রবিবার দুপুরে ইজিবাইক চাপায় শাহাবুদ্দিন (৬) নামে এক শিশু মারা গেছে। রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় সে গুরুতর আহত হয়। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
জীবননগরে সাইকেল
আরোহী নিহত
জীবননগর-দত্তনগর সড়কের নারিকেলবাগান এলাকায় গত শনিবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।
চাঁদপুরে লঞ্চের চাপায় নিহত এক
চাঁদপুর নৌ-টার্মিনালে গতকাল রবিবার দুপুরে ঢাকাগামী লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় ফাহিমা বেগম (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় আরো ১২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ফাহিমার স্বামী দেলোয়ার হোসেন, মেয়ে খাদিজা, ছেলে মানিক, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, ইউনুছ মাল ও কাউছার প্রমুখ। শরীয়তপুরের ঘোষাইরহাট থেকে ট্রলারে করে ২০/২৫ জন যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুরে আসে। লঞ্চঘাটে এসে লঞ্চ ছাড়ার সময় এমভি ফিন্স অব রাসেল-৩ লঞ্চে উঠতে গিয়ে এমভি রফ রফ লঞ্চসহ দু’টি লঞ্চের চাপায় এ দুর্ঘটনা ঘটে।