রংপুরে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও সাইকেল র্যালি

অবিলম্বে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলন শুরু করেছে রংপুরবাসী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুরে মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম রংপুর জেলা কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি শাহাদত্ হোসেন, এ্যাডভোকেট এমএ বাশার টিপু, আরডিআরএস’র নারী অধিকার কর্মী বিলকিস বেগম, ক্যাবল টিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত্ হোসেন মুন্না, জেলা কমিটির সভাপতি আব্দুস সাহেদ মন্টু, এ্যাডভোকেট মোস্তাফিজ, যুগের আলো পত্র লেখক পরিষদের সভাপতি শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন, অবহেলিত রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য এখানে অবিলম্বে গ্যাস সরবরাহ প্রয়োজন। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হলে এই অঞ্চলে শিল্প-কলকারখানা গড়ে উঠবে, বেকার সমস্যার সমাধান হবে। তাই এই অঞ্চলের উন্নতির জন্য অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি জানান। এদিকে গ্যাসের দাবিতে সোচ্চার হতে শুরু করেছে রংপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। ‘গ্যাস চাই, দিতে হবে’ শ্লোগানকে সামনে রেখে সাইকেল অব অয়ারিয়ার্স অব রংপুর নামের একটি সংগঠন ভিন্ন মাত্রার একটি র্যালির আয়োজন করে। গতকাল সকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ওই র্যালির উদ্বোধন করেন। পরে সংগঠনের প্রায় ৬০ জন সদস্য বাইসাইকেল চালিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদর্শন করে। র্যালির উদ্বোধনকালে মেয়র বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ রংপুরের মানুষের প্রাণের দাবি। এ দাবি আদায়ের লক্ষে রংপুরবাসী সোচ্চার হয়েছে।