সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:২৬
পূর্বধলায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে গতকাল রবিবার পুলিশের নিয়মিত মাসিক আয়োজন ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে-তে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী পুলিশ সুপার মো. হান্নান মিয়া, মো. ইব্রাহিম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. রব, আ.লীগ নেতা নূরুল আমিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান ভাসানী, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন প্রমুখ।
ধামরাইয়ে মত বিনিময় ও আলোচনা সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই উপজেলা শহরে দেওয়ান কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। ধামরাই উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান বিএনপি নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন। সভাপতিত্ব করেন ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাঃ সম্পাদক অধ্যক্ষ এম.এ জলিল, যুগ্ম সম্পাদক কুশুরা ইউপি চেয়ারম্যান জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক রকিবুর রহমান খান ফরহাদ, মীর কবির আলী, লোকমান হোসেন প্রমুখ।
বেনাপোলের আমড়াখালী থেকে ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে গতকাল রাববার ভোরে ট্রাকসহ ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ঢাকা মেট্রো ট- ১১-৭৫৫৫ নম্বরের একটি আটক করে। পরে ট্রাকের পাটাতনের ভিতর অভিনব কায়দায় রাখা ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে য়ায়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ট্রাকের মূল্য দেয়া হয়েছে ৩৩ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মির্জাপুরে তিন দিনব্যাপী ফলদ মেলার উদ্বোধন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মির্জাপুরে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত গতকাল রবিবার তিনদিনব্যাপী ফলদ মেলা শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. একাব্বর হোসেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামিমা আক্তার শিফা, বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ প্রমুখ। মেলায় বিভিন্ন স্টলে নানা প্রজাতির বৃক্ষ বিক্রি হচ্ছে। এছাড়া তিনদিনব্যাপীই রয়েছে মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান।
সৈয়দপুরে বিরোধীদলীয় হুইপের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপির ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা ট্রেডার্স ও রবি অফিসে ওই হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে গতকাল রবিবার পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছে। মোবাইল ফোন কোম্পানি রবির ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রবি কোম্পানি ব্যবসায় এ অঞ্চলে ব্যাপক প্রসার ঘটেছে। আর তাই গ্রামীণ ফোন কোম্পানির স্থানীয় পরিবেশক সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুল সরকার ঈর্ষান্বিত হয়ে এমন সন্ত্রাসী ঘটনা ঘটায়। তিনি জানান, গ্রামীণ ফোনের পরিবেশকের নির্দেশে ২০-২৫টি মোটর সাইকেলযোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রবির অফিসে হামলা চালায়। যমুনা ট্রেডার্স ও রবির ক্যাশ বাক্স ভেঙ্গে ৯ লাখ টাকা লুট করে। ভেঙ্গে তছনছ করে ট্রেডার্সের আসবাবপত্র। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার্স ইনচার্জ সহিদার রহমান জানান, এ ব্যাপারে রবি কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে পাথরঘাটা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ফোরাম, সংগঠন, রাজনৈতিক দল ও পাথরঘাটা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাসেল স্কয়ারে এসে শেষ হয়। বক্তারা বলেন, গাজার হামলা থেকে বুঝা যায়, আজ বিশ্ব মানবতা নীরব ভূমিকা পালন করছে। বিশ্ব মানবতাকে জাগ্রত হয়ে গণহত্যা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন বক্তারা।
ঝিনাইগাতীতে জাসদের কমিটি গঠন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে লব, শেরপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক টুকন শাহা ও শ্রমিক নেতা আকরাম হোসেন। পরে মিজানুর রহমানকে সভাপতি ও একেএম ছামেদুল হককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়।
কাহালুর আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরণ
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার কাহালুর মালঞ্চার আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের নবাগত এইচএসসি ও ডিগ্রী শিক্ষার্থীদের এক নবীনবরণ অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ড, মালঞ্চা ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল হাকিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম, উপাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রমুখ।
কেশবপুরে কৌশলে মুক্তিপণ আদায়কালে আটক ১
কেশবপুর (যশোর) সংবাদদাতা \ যশোরের কেশবপুর থানা পুলিশ মুক্তিপণ আদায়কারি চক্রের্ হোতা আবু সাইদ(৪৫)কে আটক ও জিম্মী মুজিবরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, কেশবপুর থানার বড়েঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মজিবর রহমান (৩৫)কে পার্শ্ববর্তী কর্ন্দপপুর গ্রামের আবু তালেব মোড়লের ছেলে আবু সাইদ বাড়ি থেকে শহরে কাজ দেয়ার কথা বলে গত ৮ আগষ্ট নিয়ে যায়। এ দিন রাতে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ৯ আগষ্ট মজিবর রহমানের মা গোলজান বিবি কেশবপুর থানা পুলিশকে বিষয়টি জানালে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল সঙ্গিয় ফোর্স নিয়ে গত শনিবার সন্ধ্যায় মুক্তিপণের টাকা দেয়াকালে যশোরের এনায়েতপুর এলাকা থেকে আবু সাইদকে আটক এবং মজিবরকে উদ্ধার করে কেশবপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
দুমকীতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল রবিবার বেলা ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ হুমায়ুন কবির বাদশা, জনতা কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মাওঃ মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
বিশ্বনাথে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ ‘বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গত শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪টি কম্পিউটার ও প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩টি কম্পিউটার এবং দৌলতপুর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১টি কম্পিউটার ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী জামালউদ্দিন। ‘বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল ইসলাম খান সুহেল’র সভাপতিত্বে ও আলমগীর হোসেন’র পরিচালনায় পৃথক সভায় বক্তব্য রাখেন সিলেট কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মুক্তিযোদ্ধা সিতাব আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রউফ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বালাগত হোসেন প্রমুখ।
শরীয়তপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার দাবি
শরীয়তপুর প্রতিনিধি ও নড়িয়া সংবাদদাতা \ শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লোকমান হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও তার নীজ গ্রামের স্থানীয় লোকজন । গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিহত লোকমানের স্ত্রী শেফালী বেগম ও পিতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পরে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জাজিরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার রাতে জাজিরা দক্ষিণ বাইকসা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, জাজিরা উপজেলার দক্ষিণ বাইকশা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ ৬০পিস ইয়াবাসহ জালাল ঢালী (৪২) ও তার স্ত্রী সেলিনা বেগম (৩৩) কে আটক করা হয়েছে। শরীয়তপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি এসআই নূরুল হক জানান, দক্ষিণ বাইকশা গ্রামে জালাল ঢালী নামে এক লোক ইয়াবা ব্যবসা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
ধুনটে যুবলীগের কমিটি গঠন
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ ধুনটের গোপালনগর ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার খাটিয়ামরী বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। বকুল হোসেনকে সভাপতি, শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক আলিম আল রাজি বুলেট, যুগ্ম সম্পাদক নাজমুল হক, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
চৌদ্দগ্রামে পিতা-পুত্রসহ পাঁচ আসামি গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— উজিরপুর ইউনিয়নের জগমোহনপুরের বাবুল মিয়া, তার ছেলে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক সম্রাট সোহেল, মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানীর আবুল হাশেমের ছেলে কাউছার, পৌরসভার সোনাকাটিয়ার সোলেমানের ছেলে মোস্তাফিজুর রহমান ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের অলি মিয়ার ছেলে বাবুল। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সামছুদ্দিন মোঃ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
দাউদকান্দিতে স্বর্ণের বারসহ ১ ব্যক্তি গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল রবিবার কুমিল্লার দাউদকান্দিতে ১১৫ ভরি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ১ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ কুমিল্লা জেলার বাহ্মণপাড়া উপজেলার উত্তর চানলা গ্রামের মৃত দিলীপ করের পুত্র সেন্টু করকে গ্রেফতার করা হয়। থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ ফজলুর করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৯২০) তল্লাশী চালিয়ে বাসের যাত্রী সেন্টু করের (৩৫) দুটি জুতার ভিতর থেকে ৮টি ও শার্টের পকেট থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
লালন অনুসারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের লালন অনুসারীদের উপর হামলা ও তাদের মাথার চুল কেটে দেবার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাউল ভক্তরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় লালন ভক্ত আবু বক্করের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করতে না পারলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। গত শুক্রবার রাতে ইসলাম ধর্মকে কটুক্তি করার অভিযোগে চাঁদপুর গ্রামের বাউল অনুসারী আবু বক্কর ও তার সহযোগীদের উপর হামলা করে এলাকাবাসী। পরে আবু বক্করের মাথার চুল কেটে দেয় তারা।
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি এসব মালামাল আটক করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জেলার সীমান্তবর্তী এলাকার গাজীপুর, যাত্রারখিল, শরিফপুর, বলারডেপা, কালিকাপুর, তালতলা, গোমতী নদীর পাড়, কেরানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় হুইস্কি, বিয়ার, কসমেটিক্স, ডেইরী মিল্ক চকলেট ও আতশবাজিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদক ও মালামালের মূল্য ১৪ লাখ ৪১ হাজার ২৫ টাকা এবং দুপুরে উদ্ধারকৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কুমিল্লা শুল্ক অফিসে জমা করা হয়েছে।
সংবাদ সংক্ষেপ
সিংড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল ৫ম শ্রেণীর ছাত্রী ছুম্মা আক্তার (১২)। সে উপজেলা ১ নম্বর সুকাশ ইউনিয়নের শতকুড়ি মাটিয়া পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। জানা যায়, একই ইউনিয়নের বিনাহার গ্রামের মকবুল হোসেনের ছেলে আলহাজের সাথে গতকাল রবিবার ছুম্মার বিয়ের দিন ধার্য করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন খবর পেয়ে বিয়ে পণ্ড করার জন্য উপজেলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক উপজেলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাত্ রাশেদা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা ও সিংড়া থানার এস আই জুলফিকারের সহায়তায় শতকুড়ি মাটিয়া পাড়া গ্রামে গিয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেন।
লালমনিরহাটের কালীগঞ্জে ফেনসিডিল উদ্ধার
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি সীমান্তে গত শনিবার রাতে ১ হাজার ৮৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় একটি পিকআপ ভ্যান ও এর ড্রাইভার মাসুদুর রহমানকে আটক করেছে। জানা গেছে, উপজেলার খারামভাতি বিজিবি ক্যাম্পের হাবিলদার আমির আলীর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর এলাকায় খামারভাতি চন্দ্রপুর রোডে ভাঙ্গা ব্রিজের নিকট একটি পিকআপ ভ্যানে থাকা ১ হাজার ৮৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাসুদুর রহমান নামে পিকআপ ড্রাইভারকে আটক করে। উদ্ধারকৃত ফেনসিডিল লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নে জমা দেয়া হয়। পিকআপসহ ড্রাইভারকে কালীগঞ্জ থানায় নেয়া হয়েছে। রাতেই হাবিলদার আমির আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় আটককৃত ড্রাইভারসহ ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
ফরিদপুরে খাল দখলমুক্ত করার দাবিতে কৃষকদের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বাজার সংলগ্ন খাল দখলমুক্ত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে কয়েশ’ কৃষক। গতকাল রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবিতে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে কৃষকরা। মানববন্ধন চলাকালে কৃষকরা বলেন, উপজেলার মৌলভীরচর বাজার সংলগ্ন খাল দিয়ে আশপাশের ৬টি গ্রাম আব্দুল মজিদ খার ডাঙ্গী, দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গী, আব্দুল করিম মৃধার ডাঙ্গী, কারিকর ডাঙ্গী, নছুরউদ্দিন মুন্সির ডাঙ্গী ও গাজিরটেক গ্রামের প্রায় ১২শ’ একর ফসলী জমিতে পানির অবাধ প্রবাহ ছিল। এ পানি দিয়েই কৃষকরা ফসল উত্পাদনে প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতো। কিন্তু সম্প্রতি ওই বাজারের কয়েক প্রভাবশালী ব্যক্তি খাল ভরাট করে পাকা ঘর নির্মাণ করায় খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে ফসল উত্পাদনের জন্য পানির মারাত্মক সঙ্কটে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার কৃষক।