এ্যানিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দ্রুত বিচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রবিবার পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলাটিসহ একই থানায় দায়ের করা আরেকটি মামলা এবং একই আইনে শাহজাহানপুর থানায় দায়েরকৃত অপরটিসহ মোট ৩ টি মামলায় বিএনপির প্রায় শতাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তিনটি মামলাতেই একই আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিপক্ষে অভিযোগ গঠনের জন্য সময় চেয়ে আবেদন করা হয়। সময়ের আবেদন শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কোন সময় দেয়া যাবে না বলে অভিযোগ গঠন শুনানি করতে বলেন। পরে মামলাটিতে শুনানি শুরু করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আংশিক শুনানি শেষে আসামিপক্ষ মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য সময়ের আবেদন করেন। আসামিপক্ষে অন্যদের মধ্যে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, জহির রায়হান জসিম প্রমুখ শুনানি করেন। শেষে পল্টন থানার ১৩ (৩) ১৩ মামলাটির সময়ের আবেদন মঞ্জুর করে অধিকতর শুনানির জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেন। এসময় আদালতে উপস্থিতির জন্য সময়ের আবেদন নাকচ করে এ্যানিসহ চারজনের বিরুদ্ধে এবং কোন পদক্ষেপ না থাকায় ১ জনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারিকৃত অন্যরা হলেন- নূর মোহাম্মদ, সেলিম উদ্দিন, তালেব মাহমুদ এবং মাহমুদুল হাসান। তবে, এ মামলায় প্রথম থেকেই পলাতক রয়েছেন আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম আলিম, হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন, ড. ফখর উদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাইদী, মাওলানা রফিকুল ইসলাম, ড. শফিকুল ইসলাম এবং ডা. রেজাউল করিম। তাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া একইদিন একই আদালতে পল্টন ও শাহজাহানপুর থানার অন্য দুইটি মামলায় অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন মঞ্জুর করে শাহজাহানপুর থানার মামলায় ২ সেপ্টেম্বর এবং পল্টন থানার মামলায় ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। অন্য মামলাগুলোর মধ্যে গত ৩ মার্চের ঘটনায় পল্টন থানার দায়েরকৃত অন্য মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে একই দিন একই ঘটনায় শাহজাহানপুর থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রসঙ্গত, সকালে মামলা তিনটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রশিদ ?হাবিব, গয়েশ্বর চন্দ্র রায়। উল্লেখ্য, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা এবং মারধর করে জনমনে অতঙ্ক সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযুক্ত করে গত বছরের ২৭ মার্চ ওই মামলা তিনটির অভিযোগপত্র দাখিল করা হয়।