নিরুত্তাপ দলবদলে মুশফিকের উত্তাপ

যে কোনো শূন্য স্টেডিয়ামের একটা ভূতুড়ে চরিত্র থাকে। বিরান গ্যালারি, নীরব প্রেসবক্স কিংবা ভিআইপি বক্স মিলিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে যেন অন্য যে কোনো দিনের চেয়ে একটু বেশি গা ছমছমে বলে মনে হচ্ছিল। শুধু মাঠের মাঝে কয়েক জন অ্যাথলেট এশিয়ান গেমসের জন্য ঘাম ঝরিয়ে চলছিলেন। তাতে এই খা খা শূন্যতা দূর হচ্ছিল না। একেবারে ভর সন্ধ্যেবেলা এই শুনশান নীরবতা ও ছমছমে পরিবেশকে হঠাত্ প্রাণচঞ্চল করে তুললো স্লোগান—মোহামেডান, মোহামেডান! হ্যা, দলবদল উপলক্ষে মোহামেডানের জনা দশেক পাড় সমর্থক ওই একটু স্লোগান না দিলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলটাও এমন নীরবে, শোকের বাড়ির মতো করেই প্রথম দিন পার করে ফেলতো। দুপুর তিনটা থেকে শুরু হওয়া দলবদলে গতকাল প্রথম দিনে চারটি ক্লাবের ৯ জন ক্রিকেটার দলবদল করলেন বা টোকেন তুললেন। মুশফিকুর রহিম ও সফিউল ইসলাম নিশ্চিত করলেন শেখ জামাল থেকে প্রাইম দোলেশ্বরে আসা। ভিক্টোরিয়া থেকে আবাহনীতে এলেন নাসির হোসেন। যথাক্রমে গাজী ট্যাংক ও প্রাইম দোলেশ্বর থেকে প্রাইম ব্যাংকে এসে নাম লেখালেন মাহমুদউল্লাহ ও ফরহাদ রেজা। গত বছর প্রিমিয়ার না খেলা তাসকিনও এবার প্রাইম দোলেশ্বরে। কলাবাগান ক্রীড়াচক্র থেকে মোহামেডানে এলেন নাইম ইসলাম ও মিঠুন আলী। আর মোহামেডানেই গত মৌসুম খেলা মাশরাফিও আনুষ্ঠানিকভাবে নিজের দলের টোকেন তুললেন। গতকাল ও আজ আসলে ঢাকা প্রিমিয়ার লিগের শুধু পুলভুক্ত খেলোয়াড়দের দলবদল ছিল। তাও আবার যারা জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবেন, এটা বিশেষভাবে তাদের জন্য ‘উইন্ডো’; বড় অংশের ক্রিকেটারদের দলবদল হবে আগামী ২৭ ও ২৮ আগস্ট। ফলে গতকালকের দলবদলে সোরগোল কম হবে এটা অনুমিতই ছিল। তারপরও আগের দিনের সঙ্গে তুলনা করলে এটা যে একান্তই নিরুত্তাপ দলবদল, তাতে সন্দেহ নেই। সেই নিরুত্তাপ পরিবেশে একটু প্রাণ মাশরাফিদের নিয়ে মোহামেডান সমর্থকরা স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করলেন। তবে আক্ষরিক অর্থেই উত্তাপ ছড়ালেন মুশফিকুর রহিম। গত কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছিল, এবার সবচেয়ে দামি ক্রিকেটার জাতীয় দলের এই অধিনায়ক। সেটা মুশফিক অস্বীকার করলেন না। এমনকি এবার নিজের ক্যারিয়ারের সেরা পারিশ্রমিক পেয়েছেন, এটা স্বীকার করেই তিনি বললেন, ‘এটা একটা দায়িত্বের ব্যাপার। আমার পারফরম্যান্স নিশ্চয়ই ভালো মনে হয়েছে বলে ওনারা আমাকে বেশি টাকা দিয়ে নিয়েছেন। ফলে এই প্রত্যাশা পূরণের একটা চাপ নিতে হবে আমাকে।’ কিন্তু গোলমালটা তৈরি হল টাকার অংক নিয়ে। পত্রপত্রিকায় তার আসছে মৌসুমের পারিশ্রমিক ৫০ লাখ টাকার কাছাকাছি বলে অনুমান করা হয়েছে। এই অনুমানটা নিয়ে একটু খেপেই গেলেন মুশফিক, ‘পঞ্চাশ লাখ টাকা কী গাছের পাতা; যে ঝাকি দিলেই পড়বে! এতো টাকা নিশ্চিতভাবেই আমি পাচ্ছি না। এটা লেখার আগে আমার সঙ্গে একটু কথা বলে নিলে ভালো হত।’ যদিও পরপরই যখন তাকে সঠিক অংকটা বলতে অনুরোধ করা হল, তিনি বলতে অস্বীকার করলেন। শুধু বললেন যে, যে অংকেই যোগ দিন না কেন, প্রাইম দোলেশ্বরকে চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য। গত বছর তরুণদের নিয়ে দল করেই শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিল চমক দল প্রাইম দোলেশ্বর। এবার তারা আগে থেকেই আটঘাট বেঁধে নেমেছে। তাই মুশফিক বলছেন, আবাহনী-মোহামেডানের উত্তাপ ও চাপ এখানে না থাকলেও নিতান্ত কম থাকবে না, ‘আবাহনী বা মোহামেডানে কর্মকর্তা-সমর্থকদের তরফ থেকে একটা বাড়তি চাপ থাকতো তবে আজকাল সব দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। বিশেষ করে প্রাইম দোলেশ্বর গতবার দারুণ পারফরম করেছে। তাদের এখানেও প্রত্যাশা যে কম থাকবে তা নয়।’ এই আবাহনী-মোহামেডান নিয়ে সবচেয়ে ভালো বলতে পারেন মাশরাফি বিন মুর্তজা। আবাহনীতে কয়েকটা মৌসুম কাটিয়ে এসেছেন; তাদের চ্যাম্পিয়নও করেছেন। গত বছর থেকে আছেন মোহামেডানে। তিনি বলছেন, এবার মোহামেডানের হয়ে স্বাদটা নিতে চান, ‘আবাহনী-মোহামেডানের হয়ে খেলার একটা বাড়তি উত্তেজনা আছে। আমি আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। মোহামেডানের হয়ে সেটা পাওয়া হয়নি। এবার আমার চ্যালেঞ্জ হল মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন হওয়া।’ মাশরাফি যেমন মোহামেডানের, নাসির সেই সাফল্যটা চান আবাহনীর হয়ে। যদিও কলাবাগান অ্যাকাডেমির সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত টাকা-পয়সায় বনিবনা না হওয়ায় আবাহনীতে চলে গেছেন। তবে নাসির বললেন, তার চেয়েও বড় ব্যাপার, তিনি একটা ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন; সেটা কাজে লাগাতে চান। আর এদের মাঝে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাহমুদউল্লাহ চান তার সেরা ভাগ্যটা নিজের নতুন দল প্রাইম ব্যাংকের হয়েও ধরে রাখতে। আগের মৌসুমে ইনজুরিতে খেলতেই না পারা তাসকিনও চান রিয়াদের সঙ্গে মিলে একটা চ্যাম্পিয়নশিপ হাতে নিয়েও নতুন অধ্যায়টা শুরু করতে। শেষ পর্যন্ত মাঠের লড়াই-ই বলবে কার চাওয়াটা সত্যি হয়। আজকের দলবদল খেলোয়াড় নতুন দল পুরোনো দল মুশফিকুর রহিম প্রাইম দোলেশ্বর শেখ জামাল সফিউল ইসলাম প্রাইম দোলেশ্বর শেখ জামাল নাসির হোসেন আবাহনী লিমিটেড ভিক্টোরিয়া মাহমুদউল্লাহ প্রাইম ব্যাংক গাজী ট্যাংক ফরহাদ রেজা প্রাইম ব্যাংক প্রাইম দোলেশ্বর তাসকিন আহমেদ প্রাইম ব্যাংক - মাশরাফি বিন মুর্তজা মোহামেডান মোহামেডান নাইম ইসলাম মোহামেডান কলাবাগান কেসি মোহাম্মদ মিঠুন মোহামেডান কলাবাগান কেসি