জয়ে ফেরার চেষ্টা করবো —মুশফিকুর রহিম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়াম; ঢাকা শহরের দুই প্রান্তের দুই ক্রীড়া তীর্থে গতকাল রবিবার ক্রিকেট নিয়ে দিনভর উত্তেজনা চললো। সকালে মিরপুরে জাতীয় দলের বিদায় সংবাদ সম্মেলন, বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল। বিস্ময়করভাবে দুই আয়োজনেই প্রধান আকর্ষণ মুশফিকুর রহিম। সকালে মিরপুরে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমের কথোপথন— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত কয়েকটা সিরিজে আমাদের ফলাফল ভালোই। এবারের সিরিজটা কেমন হবে বলে মনে হচ্ছে? ক্রিকেটে কোনো সিরিজই সহজ হয় না। আর ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্ত দল। তবে প্রতিটি সিরিজেই আমাদের লক্ষ্য থাকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার। ভালো খেললে যে কোন ফরম্যাটেই হোক না কেন জেতা সম্ভব। আমাদের সবকিছু যদি ঠিক মতো হয় তাহলে আমরা ভালো করতে পারবো। ওয়েস্ট ইন্ডিজের খুব একটা ভালো সময় যাচ্ছে সেটা বলবো না। কারণ শেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিক ভাবে ওরাও হতাশ। সেটা কাজে লাগাতে হবে। সাকিবকে কতোটা মিস করবেন? সে আমাদের একজন বড় পারফর্মার। গত ৮-৯ বছর বেশিরভাগ সময়ই সে আমাদের সঙ্গে ছিল। ক্রিকেট কিন্তু একজনের খেলা না। আমাদের মতো দলকে তিন-চারজনকে ভালো পারফর্ম করতেই হয়। ২০১০ সালের পুনরাবৃত্তি হতে পারে কি? একটা ভালো অবস্থান থাকলে সেটা দলের জন্য ভালো কাজ করে। সে সময় দলের মধ্যে একটা স্পিরিট ছিল। এছাড়া আমরা ভালো ক্রিকেটও খেলেছিলাম তাই জিতেছি। কিন্তু এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী। ভালো ক্রিকেট আপনি যেখানেই খেলেন না কেন যেকোন দলকে হারান সম্ভব। গত এক দেড় বছর আমরা যেমনটি খেলছিলাম তেমনটি এই বছর খেলতে পারছি না। যেন জয়ে ফিরতে পারি সেই চেষ্টাই করবো। উইকেট থেকে কোন সহযোগিতা পাবেন কিনা? সহযোগিতা না পেলেও খুব বিপরীত কন্ডিশন, তা কিন্তু না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে বা বোলিং উইকেটে হয়তো আমরা যাচ্ছি না। আমরা বাইরে খেলতে যাচ্ছি। আর বাইরে আমাদের অর্জন যে খুব ভালো সেটাও না। আমরা কিছু পরিকল্পনা করেছি ওদের বিপক্ষে খেলার জন্য। ওদেরকে যেনো হারান যায়। দলে তরুণ কিছু ক্রিকেটার আছে। এদের উন্নতি কেমন মনে হচ্ছে? উন্নতি তো অবশ্যই ভালো। বিজয়, আল আমিন, তাসকিন সবাই নতুন হিসেবে ভালো খেলছে। তাদের জন্য শুভকামনা থাকলো। তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দলে বেশকিছু ভালো ব্যাটসম্যান আছে; আমাদের বোলারদের সুযোগ থাকবে। সেই দিক থেকে বলবো সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে।