আশিতম শিরোপার দ্বারপ্রান্তে ফেদেরার

রজার ফেদেরার আর রেকর্ড আশিতম এটিপি শিরোপার মধ্যে এখন বাধা কেবল জো উইলফ্রেড সোঙ্গা। গতকাল সেমিফাইনালে স্পেনের ফ্যালাসিয়ানো লোপেজকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের ১২০তম ফাইনাল নিশ্চিত করেন ফেদেরার। অন্যদিকে টুর্নামেন্টে একের পর এক অঘটনের জন্ম দেয়া সোঙ্গা তার জয়রথ অব্যাহত রেখেছেন শেষ চারেও। সেখানে সপ্তম বাছাই গ্রিগর দিমিত্রভকে উড়িয়ে দিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। গতকাল রাতেই ফাইনালটি অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা। তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে চমকে দেয়া সোঙ্গা কোয়ার্টার ফাইনালে পরাস্ত করেন অ্যান্ডি মারেকে। এবার ত্রয়োদশ বাছাই এ ফরাসির রোষের শিকার হলেন দিমিত্রভ। এ বুলগেরিয়ানকে বলতে গেলে দাঁড়াতেই দেননি সোঙ্গা। ক্যারিয়ারের ২০তম ফাইনালে যাওয়ার পথে বিশালদেহী এ তারকা জিতেছেন ৬-৪, ৬-৩ গেমে। টানা তিন দিন তিনটি অঘটনের জন্ম দেয়া সোঙ্গা ফাইনালে তুমূল আত্মবিশ্বাসী থাকবেন বলেই মনে করছেন ফেদেরার। মৌসুমের তৃতীয় শিরোপার সন্ধানে থাকা এ সুইস সুপারস্টার বলেন, ‘আমার মনে হয় (ফর্মে ফেরাটা) তার জন্য এটা কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র। বিশেষ করে সে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে। অ্যান্ডি মারে এবং জোকোভিচকে হারানোটা ছিল তার জন্য বিশাল এক ব্যাপার। এটা সত্যিই দারুণ কিছু এবং ফাইনালে তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই।’ শারীরিক শক্তিমত্তাই সোঙ্গাকে অন্য অনেকের তুলনায় এগিয়ে রাখে জানিয়ে ফেদেরার আরো বলেন, ‘সে শক্তিমত্তার দিক থেকে যে কাউকে পেছনে ফেলতে পারে। ঝড়ের গতিতে সার্ভ করতে পারে এবং অসাধারণ সব ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে। ব্যাকহ্যান্ডেও দারুণ শক্তিশালী সে।’ অন্যদিকে টানা তৃতীয় দিন তুলনামূলক বিচারে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পেরে সোঙ্গাও ম্যাচ শেষে ছিলেন স্বভাবতই উচ্ছ্বসিত। ধারাবাহিক পরিশ্রমের পুরস্কার এ জয়গুলো জানিয়ে সেমিফাইনালের কথারই পুনরাবৃত্তি করলেন তিনি, ‘গত কয়েক বছর ধরেই আমি এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি সত্যিই দারুণ খুশি; কারণ আমি কখনোই নিজের উপর বিশ্বাস হারাইনি। এতো বছর এ খেলোয়াড়দের বিরুদ্ধে আমাকে কেবল হারতেই হয়েছে, অবশেষে কিছু পুরস্কার পাচ্ছি আমি।—সুপার স্পোর্টস