উইলিয়ামস সেমিফাইনালে জিতলেন ভেনাস
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:৪৮
টেনিসপ্রেমীদের কাছে দুই বোনের লড়াই মহাকাঙ্ক্ষিত হলেও, একে অন্যের মুখোমুখি হওয়াটা তারা নিজেরা মোটেই উপভোগ করেন না বলেই জানিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। মহিলা এককের এক নম্বর তারকাটি বলেছিলেন, ‘আমি কখনোই তার মুখোমুখি হওয়াটা উপভোগ করি না। আমার মনে হয়, অন্য যে কারো চাইতে আমি তার কাছে বেশি বার হেরেছি। অবশ্যই তার মুখোমুখি হওয়াটা আনন্দের কোন ব্যাপার না।’ ভেনাসের পড়তি ফর্ম এবং সামপ্রতিক সময়ে সেরেনার সাফল্যের কথা ভেবে, এটাকে হয়তো ভেনাসের প্রতি ‘বোনসুলভ’ ভালোবাসার প্রকাশ বলেই ধরে নিয়েছিলেন অনেকে।
কিন্তু কোর্টের খেলায় প্রমাণিত হলো, সেরেনা মোটেই বাড়িয়ে বলেননি কিছু। শীর্ষ তারকাদের প্রায় সবার কাছে অজেয় হলেও ভেনাসের সামনে ম্লানই মনে হলো তাকে। ছোট বোনের বিপক্ষে গত পাঁচ বছরের মধ্যে প্রথম জয়টি তুলে নিলেন ভেনাস। ৬-৭, ৬-২, ৬-৩ গেমের এই জয়ে ভেনাস পৌঁছে গেছেন রজার্স কাপের ফাইনালে। সেখানে তিনি খেলবেন অগনেইস্কা রাদওয়ানস্কার বিরুদ্ধে।
ম্যাচের আগে যেমনটা করেছিলেন, ম্যাচ জিতেও তেমনি ছোটবোনের প্রশংসাই ঝরলো ভেনাসের কণ্ঠে। পাঁচ বছর আগে দুবাইতে একটি টুর্নামেন্টে সেরেনাকে সর্বশেষ হারানো ভেনাস বলেন, ‘সেরেনা তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছে। আপনি তার বিরুদ্ধে সব ম্যাচ জিততে পারবেন না। এটা আসলে অসম্ভব। তাকে সেরা মানতেই হবে। আর তাকে যদি হারাতে হয় তাহলে জীবনের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’
এই টুর্নামেন্টের গত পঁচিশ বছরের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসাবে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন ভেনাস। ৩৪ বছর বয়সী এই তারকা জানালেন প্রতিপক্ষ কঠিন হলেও কোর্টে একেবারে নির্ভার হয়ে খেলতে চেয়েছিলেন তিনি। পরিকল্পনার সঠিক বাস্তবায়নই তাকে জিততে সাহায্য করেছে জানিয়ে ৪৫ টি এটিপি শিরোপার মালিক এই তারকা বলেন, ‘আমি শুধু চেয়েছিলাম কোর্টে নামতে এবং নিজের সেরাটা ঢেলে দিতে। যদি, শেষ পর্যন্ত আমি শিরোপা জিততেই পারি, তাহলে হয়তো খুশিতে নেচেই ফেলবো আমি।’
একসময় মহিলা টেনিসে নিয়মিতই দেখা যেত এই দৃশ্য। দুই বোনের শক্তিমত্তার কাছে অনেকটা নাজেহাল ছিলেন বাকি সবাই। তবে গত কয়েক বছর ধরে বড় বোন ভেনাসের বাজে পারফরম্যান্সে উইলিয়ামস বোনদের সেই দ্বৈরথের কথা প্রায় ভুলতেই বসেছিলেন সবাই। প্রায় এক বছরের বিরতি শেষে গত শনিবার রাতে অবশেষে আবার মুখোমুখি হয়েছিলেন দুই বোন।
সেরেনাও বেশ সহজভাবেই নিয়েছেন এই হারকে। অনেকটা মজা করার সুরে বললেন, ‘এটা কিছু না। বড় বোন ছোট বোনকে একটা শিক্ষা দিয়েছে মাত্র।’
এর আগে কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা ৪-৬, ৭-৪, ৭-৫ গেমে হারিয়েছেন সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে। অন্যদিকে ভেনাস ৪-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।
উইলিয়ামস পরিবারের দুই মেয়ের শনিবারের ম্যাচটি ছিল তাদের ২৫তম মুখোমুখি লড়াই; তবে ১৪টি জয় নিয়ে সেখানে এখনো এগিয়ে ছোট বোন সেরেনাই।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে তৃতীয় বাছাই রাদওয়ানস্কা ৭-৬, ৭-৬ গেমে হারান রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে। গতকাল বাংলাদেশ সময় মাঝ রাতে রাদওয়ানস্কার মুখোমুখি হবার কথা ছিল ভেনাসের।— এএফপি