প্রস্তুতি ম্যাচে জিততে পারেনি ক্রুইফের দল
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:৪৯
এশিয়ান গেমস ফুটবলের জন্য ভারতীয় দল চেক প্রজাতন্ত্রে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে। কোরিয়া যাওয়ার আগে চীনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের। পাকিস্তান ফুটবল দলের যাওয়ার কথা রয়েছে বাহরাইনে। এশিয়ান গেমস ফুটবল প্রস্তুতির জন্য পাকিস্তান ভারতের এগিয়ে চলার পথে বাংলাদেশ যেন অনেকটাই পিছিয়ে। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে এশিয়াডগামী প্রাথমিক ফুটবল দল। বিকালে বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব-২৩ যুব ফুটবল দল গোল শূন্য ড্র করেছে বাফুফে একাদশের বিরুদ্ধে। এ ধরনের প্রস্তুতি ম্যাচ দলের প্রাথমিক ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে সহায়তা করবে ঠিকই। তবে এশিয়ান গেমসের মতো বড় আসরে কতটা কাজে লাগবে তা সহজেই অনুমেয়। বাফুফে বলছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য চেষ্টা করছে। বিভিন্ন দেশের সাথে মৌখিক ভাবে আলোচনা করছে বাফুফে। চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে প্রস্তুতি ম্যাচ খেলবে।
বিকেএসপিতে অনুশীলনরত জাতীয় যুব ফুটবল দলের বিরুদ্ধে খেলে সন্তুষ্ট কোচ গোলাম রাব্বানি ছোটন। তিনি জানিয়েছেন, খেলায় ভালো ফাইট হয়েছে। আমরা যেমন গোলের সুযোগ নষ্ট করেছি, তেমনি ক্রুইফের দলও সুযোগ কাজে লাগাতে পারেনি আমাদের গোলকিপার সুলতানের দক্ষতায়।
বিভিন্ন দল থেকে খেলোয়াড় নিয়ে গড়া বাফুফে একাদশে খেলেছেন ব্রাদার্সের জাবেদ, বিজেএমসির শাকিল, সকার ক্লাবের মানিক, রাসেল ও তূর্য, চট্টগ্রাম আবাহনীর টিটন, ভিক্টোরিয়ার রুবেল, শেখ রাসেলের ফজলে রাব্বি, মুক্তিযোদ্ধার শাহেদ, আবাহনীর সোহেল।
এশিয়ান গেমস ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের সহকারী সাইফুল বারী টিটু এএফসির পেশাদার কোচিং কোর্স করাতে দেশের বাইরে যাবেন। ১৫ দিন ক্রুইফের সাথে কাজ করতে পারছেন না। টিটুর বদলে সাবেক ফুটবলার পারভেজ কায়সারকে ক্রুইফের সহকারীর দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রামের ছেলে এবং ঢাকা মোহামেডানের সাবেক এই ফুটবলার পারভেজ জাতীয় জুনিয়র ফুটবল দলে কাজ করেছেন।