টিএন্ডটি-র কি দয়া হবে
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২১:৫০
আমার আবাসিক টেলিফোনটি জানুয়ারি ২০১২ থেকে অত্যধিক হারে (৮৫০০ টাকার অধিক) বিল আসছিল যা সংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলীর অগোচরে এনেছিলাম। অতঃপর তাদের নির্দেশ মোতাবেক টেলিফোনটি তালাবদ্ধ করে রাখি এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকি। কিন্তু তারপরেও অসঙ্গতিপূর্ণ বিল এসেই যাচ্ছে। এ এক আজব ব্যাপার! এ ধরনের অপ্রত্যাশিত বিশাল অংকের অর্থ পরিশোধ আমার মতো একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপর মড়ার উপর খাঁড়ার ঘার সমতুল্য। আমার আগে-পরের বিলগুলো (বিগত ১২ বছরের) যাচাই করলেই বিলের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হবে। বিগত ১২/১৩ বছরের বিল সাধারণত ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমি নির্দ্বিধায় বলতে পারি এখানে নিশ্চয়ই কারিগরি বা অন্য কোনো প্রকার ঘাপলা রয়েছে। উল্লেখ্য, ঐ জানুয়ারি মাসেই আমার পুরাতন (৮০১৭৯১১) নাম্বারটি স্থানীয় এক্সচেঞ্জ কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নতুন (৮০৫৪৬৭৬) নাম্বার বরাদ্দ করা হয়েছিল। এরূপ ভূতুড়ে বিলের ব্যাপারে কর্তৃপক্ষের সাথে বহু দেন-দরবার করেও ব্যর্থ হয়েছি। অদ্যাবধি আমি টেলিফোনটির সেবা থেকে বঞ্চিত। এ অবস্থায়, টিএন্ডটি কর্তৃপক্ষ কি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সহযোগিতায় এগিয়ে আসবেন?
এন আই খান,
মিরপুর, ঢাকা