মালয়েশিয়ায় পাচারকালে সোনাদিয়া থেকে ৫৬ যুবক উদ্ধার
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২২:৪৯
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য সোনাদিয়া দ্বীপের মগচরে জড়ো করা ৫৬ যুবককে শনিবার গভীর রাতে উদ্ধার করেছে কক্সবাজার কোস্টগার্ড। এসময় পাচারকারী জলদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃতদের গতকাল রবিবার বিকালে মহেশখালী থানা পুলিশে হস্তান্তর করা হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক যুবককে এনে সোনাদিয়া দ্বীপের মগচরে জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় কক্সবাজার কোস্টগার্ড। একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জের ১৯ জন, যশোরের ১৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন, নরসিংদীর ৮ জন, কুষ্টিয়ার ৬ জন। এছাড়া ঝিনাইদহ, মাদারীপুর ও বগুড়া জেলার একজন করে বাসিন্দা রয়েছে।