আবুধাবী থেকে লাশ হয়ে ফিরলেন পাঁচবিবির তানিয়া
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২২:৫৩
মৃত্যুর দুই সপ্তাহ পর গত শনিবার সকালে আবুধাবী থেকে গৃহকর্মী তানিয়ার লাশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে। ঢাকা থেকে লাশ আনার পর জানাযা নামাজের পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, আবুধাবীর এক বাড়িতে কর্মরত তানিয়া হঠাত্ হূদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে গত ২৫ শে জুলাই স্থানীয় হেলথ অথরিটিতে তাকে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৩ আগস্ট মা বুলু বেগম, মেয়ের মৃত্যু সংবাদ পান। চলতি বছরের এপ্রিলে এলাকার আদম ব্যাপারী নয়নের মাধ্যমে তানিয়া গৃহকর্মীর কাজ নিয়ে আবুধাবীতে যান। বুলু মেয়ের সাথে সর্বশেষ ১৭ জুলাই কথা বলেন। এরপর থেকে বহুবার চেষ্টা করেও তিনি মেয়ের সাথে কথা বলতে পারেননি। শনিবার মেয়ের মৃত মুখ দেখে তিনি নির্বাক হয়ে যান।