তারা তৈরি পোশাকের সুবিধা দেয় না, আমাদের নির্বাচন নিয়ে কথা বলে :বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২২:৫৪
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যে দেশ আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে সুবিধা দেয় না তারাই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে।’ তিনি বলেন, ‘আজকে গাজায় শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেখানে কোথায় মানবতা? ইসরাইলকে কারা অস্ত্র দিচ্ছে, সহায়তা করছে কারা?’
গতকাল রবিবার রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা ড. এস.এম জাহাঙ্গীর আলমের ৪টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, বইয়ের লেখক ড. এস.এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
তোফায়েল আহমেদ বলেন, হাসিনার কণ্ঠ রোধ করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, একটি দল ঈদের পর আন্দোলনের কথা বলেছিল। কিন্তু বাস্তবতা উপলব্ধি করে এখন তারা বলছে এই ঈদ না সামনের ঈদ। তিনি বলেন, আমাদের রফতানি ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।
নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সাথে মুক্তিযুদ্ধের আদর্শ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার আদর্শকে ছড়িয়ে দিতে হবে।
লেখক ড. এস.এম জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধু, ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে তিনটি বই লিখেছি। আর একটি বই লেখা হয়েছে আয়করের উপর। বইগুলো হলো—বঙ্গবন্ধুর মর্মকথা, গ্রেনেড হামলার কাহিনী, মানবতাবিরোধী অপরাধ ও মোটিভিশন একটিভিটিস ফর ট্যাক্সপেয়ারস্ অফ বাংলাদেশ। তিনি বলেন, বইগুলোতে আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ড, তার আদর্শ তুলে ধরেছি। যাতে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। বইগুলো প্রকাশ করেছে মুক্তধারা।