ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তথ্য গোপন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে জামায়াতের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সরকারি ভূমি দখল ছাড়াও অনিয়ম ও দুর্নীতিতে জড়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। উক্ত বিদ্যালয়ের অভিভাবক আব্দুল কুদ্দুছ এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সরকারি পরিবার পরিকল্পনা বিভাগের জমি দখল ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতির অপরাধে দোষী সাব্যাস্ত করে আদালত। ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় জামায়াত কর্তৃক সকাল-সন্ধ্যা হরতালে ভাংচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য নবীনগর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলা নং-৬৯। এতে তিনি ২৬ নম্বর আসামি। এছাড়া বিদ্যালয় চলাকালীন প্রায় সময়ই অনুপস্থিত থাকা ছাড়াও অভিভাবকদের সঙ্গে দুর্বব্যবহার করেন। 

প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

আরো পড়ুন: কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির অনুমোদন

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। 

তদন্তকারী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, বিদ্যালয় বন্ধ থাকায় তদন্ত করতে দেরি হচ্ছে। 

ইত্তেফাক/এমআই