কাবুলে ন্যাটো বহরে হামলা, চার আফগান নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর সামরিক বহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত রবিবারের ওই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে তালিবান। সকাল সাড়ে ১১টার দিকে ন্যাটোর বহর কাবুলের একটি প্রধান সড়ক পার হওয়ার সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী। বিস্ফোরণের ফলে রাস্তায় একটি বড় গর্তের সৃষ্টি হয় এবং চার বেসামরিক নাগরিক নিহত হয়। কাবুলের পুলিশ প্রধান জানিয়েছেন, এ ঘটনায় আরো ৩৫ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। কিন্তু ন্যাটোর সদস্যরা একটি ভারি সাঁজোয়া যানে থাকায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে ইসাফের একটি বহর আজ কাবুলে শত্রুবাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। এসময় ইসাফের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’ উল্লেখ্য, জাতিসংঘের তথ্যানুযায়ী আফগানিস্তানে বেসামরিক জনগণের নিহত হওয়ার হার গতবছরের চেয়ে ২০১৪ সালে প্রায় ২৪ ভাগ বেড়ে গেছে।