দক্ষিণ চীন সাগর নিয়ে
অনড় বেইজিং
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:৪৩
দক্ষিণ চীন সাগরে একাধিপত্যের দাবি থেকে এক ইঞ্চিও সরছে না বেইজিং। আমেরিকা বিষয়টি পছন্দ না করলেও এ নিয়ে সংঘাতে যেতে আগ্রহী নয় বর্তমান পর্যায়ে। তবে বিষয়টির সঙ্গে ভারতের স্বার্থ জড়িত। তাই মায়ানমারে সদ্যসমাপ্ত আসিয়ান বৈঠকে ভারতের প্রতিনিধিরা এর বিরুদ্ধে সরব হন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। — খবর আনন্দবাজার পত্রিকার
সদ্য সমাপ্ত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ২১তম সম্মেলন শুরুর ঠিক এক দিন আগে দক্ষিণ চীন সাগরের পাঁচটি দ্বীপে পাঁচটি বড় বাতিস্তম্ভ গড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে চীন। সম্মেলনে এ নিয়ে প্রবল চাপ তৈরি হলেও, শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড়ই থাকল চীন। ভিয়েতনাম ও তাইওয়ানের দাবি, ওই পাঁচটির মধ্যে দু’টি বাতিস্তম্ভ তাদের। ওই এলাকার সঙ্গে ভারতের বাণিজ্যিক স্বার্থ জড়িত রয়েছে। স্বাভাবিকভাবেই চীনের এই ভূমিকায় ভারত ক্ষুব্ধ।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড— এই পাঁচটি দেশ পারস্পরিক বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে গড়ে তুলেছিল আসিয়ান। পরে তাতে যোগ দেয় কাম্বোডিয়া, লাওস, মায়ানমার, ব্রুনেই এবং ভিয়েতনাম। ভারত বা চীন, কেউই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের সদস্য নয়। তবে বাণিজ্যিক স্বার্থ জড়িত বলে প্রতিটি আসিয়ান সম্মেলনেই চীন এবং ভারত বিশেষভাবে আমন্ত্রিত থাকে। অন্যান্যবারের মতো এবারের সম্মেলনেও তাদের প্রতিনিধিরা হাজির ছিলেন। বিভিন্ন আলোচনায় সক্রিয় অংশও নেন তারা।