সংবাদ কণিকা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:৪৩
পালিয়েও বাঁচতে পারলো না
সিরিয়ার চলমান গৃহযুদ্ধের কারণে গাজায় পালিয়ে এসেছিল আবদুল্লাহ আবু শাবাব। কিন্তু শেষ রক্ষা হলো না। ইসরাইলি হামলায় প্রাণ গেলো তার। প্রাণ বাঁচাতে যে ফিলিস্তিনে ফিরে এসেছিল শাবাব সেটি তার পৈতৃক ভূমি। ১৯৬৭ সালের যুদ্ধে তার পরিবার সেই ভিটা হারিয়ে শরণার্থী হয়েছিল। তার শোকগ্রস্ত পিতা হামিদ আবু শাবাব বলেন, এটি তারই ভূমি যেখানে সে মারা গেলো। গত ৮ জুলাই ইসরাইল গাজায় অভিযান শুরু করে। ৩০ জুলাই ইসরাইলের একদিনের হামলায় নিহত হয় ১২০ ফিলিস্তিনি। —এএফপি
গায়ে তার সোনার শার্ট!
জেমস বন্ডের শত্রুর সোনার পিস্তল ছিল, কিন্তু সোনার শার্ট? এ চিন্তা হয়তো জেমস বন্ড সিরিজের নির্মাতাদের মাথায়ও আসেনি! তাদের মাথায় না আসলেও স্কুল থেকে ঝরে পড়া ভারতীয় এক ব্যবসায়ীর মাথায় কিন্তু ঠিকই এসেছে। নিজে পরার জন্য সোনার শার্ট বানিয়েছেন তিনি। এই শার্টটির ভার চার কিলোগ্রাম এবং মূল্য দেড় কোটি রুপি। বিলাসী এই ব্যবসায়ীর নাম পঙ্কজ পরখ। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাশিক জেলার ইয়োলা পৌরসভার একজন নির্বাচিত সদস্য। শুক্রবার নিজের ৪৫তম জন্মদিনের অনুষ্ঠানে পঙ্কজ বিশেষ এই শার্টটি পরবেন। এ অনুষ্ঠানে ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনপিসি) নেতা ও মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী ছাগান ভুজবলসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। সাতটি সোনার বোতাম আঁটা শার্টটি পরে পঙ্কজ গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক রেকর্ডসে ঠাঁই পাবেন বলে আশা করছেন। — বিডিনিউজ