পাইপ লাইনে গ্যাসের
দাবিতে রংপুরে ৬ কি.
দীর্ঘ মানববন্ধন
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:৫৮
অবিলম্বে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সোমবার এখানে স্মরণকালের বৃহত্ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আহবানে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে একই দাবিতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ১০ মিনিট ‘স্তব্ধ’ কর্মসূচি ও গণঅনশন এবং পরবর্তীতে রংপুর বিভাগের ৮ জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে মহাসমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দেন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত্ বার্ষিকী উপলক্ষে মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ মানবববন্ধনে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন। মেয়র ঝন্টু বলেন, রংপুরে গ্যাস সরবরাহের দাবি এ এলাকার মানুষের প্রাণের দাবি। তিনি বলেন, গ্যাস না থাকায় রংপুরে উন্নয়ন ব্যাহত হচ্ছে। অন্যান্য বিভাগে গ্যাস সরবরাহ করা হলেও রংপুরে কেন গ্যাস দেয়া হবে না এই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, রংপুরের পুত্রবধূ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রংপুরের কৃতী সন্তান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় রংপুর গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছিলেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সমপাদক ওয়াদুদ আলী, কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, সাতমাথা দোকান মালিক সমিতির সাধারণ সমপাদক তৌফিকুর রহমানি তপু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সমাজকর্মী ফজলুল করিম লিটন প্রমুখ।