নাজিরপুরে খাল দখল করে পাকা ইমারত নির্মাণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর ও বাজারের দক্ষিণ ও উত্তর পাশের দু’টি জনগুরুত্বপূর্ণ খাল দখল করে তৈরি করা হচ্ছে পাকা ইমারত। স্থানীয় প্রশাসন তা দেখেও রহস্যজনক কারণে নীরব রয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীরামকাঠী বন্দরের দক্ষিণ প্রান্তে অবস্থিত কালিগঙ্গা ও বলেশ্বর নদীর সংযোগ খালটির পূর্বপ্রান্ত অর্থাত্ কালিগঙ্গা নদীর সংযোগস্থলের উত্তর পাশের খালের পাড় ও খালের ভিতরের এক তৃতীয়াংশ দখল হয়ে গেছে। অত্র বাজারের একদল ব্যবসায়ী সেখানে ইট বালু দিয়ে পাকা দোকানঘর ও বাসা-বাড়ি তৈরি করছে। স্থানীয়রা জানান, ঐ খাল দিয়ে বাগেরহাট ও পিরোজপুর জেলার নাজিরপুর, স্বরূপকাঠী, কাউখালীসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী মালামাল আনা-নেয়া করেন। এছাড়া খালের মোহনা থেকে ২শ’ গজ ভিতরে নাজিরপুর উপজেলার সরকারি খাদ্য গুদাম রয়েছে। সেখানেও প্রতিদিন বিভিন্ন নৌযানে খাদ্যপণ্য ওঠানামা করে। কিন্তু খাল খেকোদের দখলের কারণে খালটির প্রবাহ কমে গেছে। আর এভাবে দখল অব্যাহত থাকলে খালটির অস্তিত্বই থাকবে না বলে স্থানীয়রা জানান। অপরদিকে শ্রীরামকাঠী খালটি দিয়ে পানি ওঠা-নামায় এ অঞ্চলের শত শত হেক্টর কৃষি জমি আবাদ হয় কিন্তু সরকারি এ খালটিও কালিগঙ্গা নদীর সংযোগস্থল থেকে শুরু করে ভিতরে প্রায় আধা-কিলোমিটার দখল করে দোকান ও বাসা-বাড়ি তৈরি করায় খালটি এখন মৃতপ্রায়। এ বিষয় কথা হলে শ্রীরামকাঠী ইউনিয়নে কর্তব্যরত সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) সাখাওয়াত হোসেন বলেন, প্রভাবশালীদের কারণে খাল দখল ঠেকানো যাচ্ছে না। এসি ল্যান্ডের দায়িত্বে থাকা নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে বলেন, শীঘ্রই দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হবে।