মধুখালী পৌর বাজারের খাল ও ড্রেন প্রভাবশালীদের দখলে
শাহ্ মো. ফারুক হোসেন, মধুখালী (ফরিদপুর ) সংবাদদাতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২১:০৬
ফরিদপুরের মধুখালী পৌরসভার গুরুত্বপূর্ণ বাজারটির উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং হালট ও খাল প্রভাবশালীদের দখলের ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত ক্রেতাকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মধুখালী পৌরসভায় অবস্থিত গুরুত্বপূর্ণ বাজারটিতে প্রতিদিন ক্রেতা সাধারণের ভীড় সকাল থেকে রাত পর্যন্ত থাকে। প্রতি সপ্তাহে শুক্র এবং সোমবার হাটের দিনে এ গুরুত্বপূর্ণ বাজারটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অথচ বাজারের মধ্যদিয়ে চন্দনা নদী সংলগ্ন খাল ও বড় হালট ২টি ভরাট করে দখল করে প্রভাবশালীরা দ্বিতলা মার্কেট করে দখলে নিয়েছে। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া খাল সংযোগ যে ড্রেনগুলো করা হয়েছে সেগুলোও মাকের্টের সামনে ঢালাই করে দখল করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে একটু বৃষ্টি হলেই পানি আটকে ক্রেতা সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বছর একজন পৌর প্রশাসক যোগদানের একমাসের মধ্যে নদী সংযোগ খালটি কোন অনুমোদন ছাড়া ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করেই খালটি ভরাট করে বেশ কিছু অর্থ কামিয়ে বদলি হয়ে গেছেন। এ ব্যাপারে নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান বলেন, মধুখালী বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদে খাল ও হালট চি?িত করার কাজ হাতে নেয়া হয়েছে। খাল হালট নির্দিষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।