যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধলগ্রামে গতকাল সোমবার যৌতুক না পেয়ে নাসরিন বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ফরিদ মোল্লা। কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ৩ বছর আগে সীতারামপুর গ্রামের এনামুল হক সিকদারের মেয়ে নাসরিনকে ফরিদ মোল্লা বিয়ে করে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নাসরিনের ওপর তার স্বামী নির্যাতন করে আসছিল। গত রবিবার স্বামী তার স্ত্রী নাসরিনকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলে। কিন্তু নাসরিন টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী তাকে বেদম মারধর করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা নাসরিনকে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেয়; অবস্থার অবনতি ঘটলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে সে মারা যায়। রামদিয়া পুলিশ ফাঁড়ির এস.আই সৈয়দ ইমারাত আলী জানান, নাসরিনের ডান কান কাটা, নাকের মধ্যে রক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মারধরের পর নাসরিনের স্বামী পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।