নবীনগরে প্রতিপক্ষের হামলায় একজন খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আকবপুর গ্রামে গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় খায়ের মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহের মিয়া ও জুয়েলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার খায়ের মিয়ার মেয়ের বিয়ে হয়। এ বিয়েকে কেন্দ্র করে এবং সমিতির হিসাব নিকাশের জের ধরে গতকাল সোমবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নিহতের চাচাতো ভাই জিয়া মাস্টারের সাথে পথেই কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জিয়া মাস্টার ও তার ভাই বিল্লাল ডাক্তারের পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নিহতের পরিবারের উপর হামলা চালায়। এতে খায়ের মিয়াসহ ১০ জন আহত হয়। আহত খায়ের মিয়া, জাহের মিয়া ও জুয়েলকে নবীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক খায়ের মিয়াকে মৃত বলে জানান। ওসি রূপক কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।