জীবননগরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ পাল্টাপাল্টি মামলা

জীবননগর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাল্টাপাল্টি মামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পুলিশ উপজেলা শহরের ইসলামপুর থেকে লিমনকে গ্রেফতার করে। এদিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের অনুসারীরা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের কর্মী জীবননগর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শামিম সরোয়ারকে বেধড়ক পিটিয়েছে। রবিবার রাতে বাড়ি ফেরার পথে শামিম নারাণপুর মোড় নামক স্থানে পৌঁছলে হুইপ সমর্থিত লোকজন তাকে মারপিট করে। এদিকে সোমবার দুপুরে হুইপ গ্রুপ ও এমপি টগর গ্রুপের পক্ষের লোকজন থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। হুইপ গ্রুপের পক্ষে ডাবলু বাদী হয়ে ১৪ জনকে আসামী এবং টগর গ্রুপের পক্ষে খায়রুল বাশার শিল্পু বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। অপরদিকে শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পৌরশহরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা গতকাল সোমবার প্রত্যাহার করে নেয়া হয়।