গাজায় ইসরাইলি হামলা বন্ধে পদক্ষেপ নিন

ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলার ঘটনায় আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা ও ধ্বংসযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গাজায় ইসরাইলি হামলাকে পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন হিসেবে মনে করে মন্ত্রিসভা। বিশেষত করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে, এটি খুবই নিন্দনীয়। তিনি বলেন, যে বছরটিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতির বর্ষ ঘোষণা করা হয়েছে, সে বছরেই ইসরাইল এ জঘন্য হামলা চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক। ফিলিস্তিনবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ১৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকেও গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছিল। এদিকে দেশের স্থলবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে জাতিসংঘের প্রতিষ্ঠান এস্কাপ কর্তৃক প্রণীত ‘ইন্টার গভার্নমেন্টাল এগ্রিমেন্ট অন ড্রাই পোর্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠান এস্কাপ কর্তৃক প্রণীত কয়েকটি দেশের স্থলবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়ার পর ২০১৩ সালে এই প্রস্তাব এস্কাপের সভায় অনুমোদিত হয়। বাংলাদেশ এস্কাপের সদস্য। বাংলাদেশের পক্ষে ওই সভায় প্রধানমনন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী অংশ নেন। এছাড়া গত ২৩-২৪ জুন ভিয়েনায় অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তমূলক ও টেকসই শিল্পায়ন্ননের কৌশল’ শীর্ষক সভায় শিল্পমন্ত্রীর অংশগ্রহণ, ১১-১৪ জুন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট এ পোশাক শিল্প সম্পর্কিত এক আন্তর্জাতিক সেমিনারে বাণিজ্যমন্ত্রীর যোগদান, ২১-২৩ মে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এক সেমিনারে অর্থ প্রতিমন্ত্রীর অংশগ্রহণ এবং ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব সলিডারিটি ইউথ দ্যা প্যালেসটাইনিয়ান পিপল’ উদযাপন উপলক্ষে ৯-১১ মার্চ মিসরের কায়রোতে জাতিসংঘ ও আরব লীগের যৌথ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেয়ার আইনটির অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চান। আইনটি তৈরি আছে কিনা প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, হ্যাঁ সূচক ইংগিত দেন।