বিলকিস ময়েজউদ্দিনের কুলখানি অনুষ্ঠিত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ময়েজ উদ্দিনের স্ত্রী বিলকিস ময়েজ উদ্দিনের স্মরণ সভা ও কুলখানি গতকাল সোমবার বেইলী রোডের মিনিস্টার্স এপার্টমেন্টে (অফিসার্স ক্লাবের বিপরীতে) অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্য মন্ত্রী মোঃ তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু, খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চ ভাষণের অন্যতম আয়োজক ছিলেন শহীদ ময়েজউদ্দিন। তখন তিনি বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক ছিলেন। আর এই মহান নেতার পেছনে থেকে তাঁকে অনুপ্রেরণা যুগিয়েছেন বিলকিস ময়েজউদ্দিন। ময়েজউদ্দিনের অনুপস্থিতিতে রাজনীতি ও পরিবার চালিয়েছিলেন বিলকিস ময়েজউদ্দিন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত ৮ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে বিলকিস ময়েজউদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।