রূপসী বাংলার রূপশ্রী
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২২:৩১
পানির দেশ বাংলাদেশ। নদ-নদী, খাল, বিল হাওর-বাঁওড়ের বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ—নদী নামের মায়ের দুঃখের সন্তান, সুখের ভরসা। নদীই বাংলার প্রাণ। নদী নেই তো বাংলাদেশও নেই। আনুমানিক পাঁচ হাজার বছরের পথ পরিক্রমায় গড়ে ওঠা এই বিশাল জনপদ নদীর অবর্তমানে ঠাঁই পাবে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের পাতায়। তার ছোট ছোট নিদর্শন স্থান পাবে প্রত্ন জাদুঘরে। চলমান আর্থ-সামাজিক ধারা আর দেশি-বিদেশি রাজনৈতিক কলাকৌশল তারই অশনি সঙ্কেত দিয়ে যাচ্ছে। সেই দুঃসহ স্বপ্নভরা রাত ঘনিয়ে আসার আগে এখনো বর্ষা আসছে। যদিও তা সীমিত। এখনো পানিতে ভরাট হচ্ছে খাল, বিল, নদীনালা ডোবা। আর তাতে ঝাঁকি জাল, খড়া জাল দিয়ে মাছ ধরার এমন নয়ন জুড়ানো দৃশ্য চোখে পড়ে এখনো। রাজধানী থেকে দূরে ঢাকা-মাওয়া সড়কের পাশে খড়া জালে মাছ শিকারের এ দৃশ্য এখনো চিরায়ত রূপসী বাংলার রূপশ্রীর কথা বলে যাচ্ছে কানে কানে। কিন্তু সে আর কতদিন—কে জানে! ছবি : সুবীর কুমার