হিন্দুস্তানের সবনাগরিক হিন্দু

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতের সব নাগরিকরা হিন্দু বলে পরিচিত হওয়া উচিত। তার এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ভারতে। খবর এনডিটিভির। গত রবিবার একটি অনুষ্ঠানে মোহন বলেন, গোটা বিশ্ব ভারতীয়দের হিন্দু বলে মনে করে। সেদিক থেকে ভারত একটি হিন্দু রাষ্ট্র। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেটা হলো ইংল্যান্ডের অধিবাসীরা ইংলিশ, জার্মানের নাগরিকরা জার্মানস, ইউনাইটেড স্টেটস অব আমেরিকার (ইউএসএ) অধিবাসীরা আমেরিকান বলে পরিচিত। তাই ভারতে যারা বাস করে তাদের পরিচিতি হওয়া উচিত হিন্দু নামে। তার এই বক্তব্যের সমালোচনা করেছে বিভিন্ন দল। দলগুলোর নেতৃবৃন্দ বলেছেন, মোহন ভাগবতকে এটা স্মরণ রাখতে হবে যে সংবিধানে দেশের নাম ‘ভারত’ নামে উল্লেখ আছে, ‘হিন্দুস্তান’ নামে নয়। কংগ্রেসের মুখপাত্র মনীষ তেওয়ারী বলেছেন, ভাগবত সাহেবকে সংবিধান পড়তে হবে। সেখানে বলা আছে, ভারত কয়েকটি রাজ্যের সমন্বয়ে গঠিত। সংবিধান প্রণয়নকারীরা সেখান ভারত কিংবা ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। হিন্দুস্তান নয়। আসলে আরএসএস বাস্তবতা বুঝতে চায় না। সিপিআই (এম) নেতা সিতারাম ইয়াচুরী বলেন, সংবিধানে ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ শব্দ দুটি আছে। আমরা হয়তো হিন্দুস্তান বলে ডাকতে পারি। কিন্তু সংবিধান অনুযায়ী ভারত। তিনি বলেন, আরএসএস’র স্পষ্ট করা উচিত যে তারা ভারতের সংবিধানকে শ্রদ্ধা জানায় কিনা।