তুরস্কে প্রথম প্রত্যক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৪
তুরস্কের প্রথম প্রত্যক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রেসেট তায়িপ এরদোয়ান। দেশটিতে নতুন যুগের সূচনার অঙ্গীকার করেছেন নতুন এই প্রেসিডেন্ট। গত রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। আগামী ২৮ আগষ্ট তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বিবিসি ও এএফপি’র।
এরদোয়ান ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা। তাঁর নিকটতম প্রার্থী ওআইসি’র সাবেক মহাসচিব একমেলেদ্দিন হইসানোগলু পেয়েছেন ৩৮.৩ শতাংশ ভোট। ফলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না। অপর প্রার্থী কুর্দি নেতা সেলাহত্তিন দেমিরতাস পেয়েছেন ৯.৭ শতাংশ ভোট। এররদোয়ান ২০০৩ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করে আসছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দুদফায় দায়িত্ব পালন করতে পারবেন। এর মানে আগামী ২০২৪ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনের জয়ের পর রাজধানী আঙ্কারায় একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দা থেকে উপস্থিত কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে ৬০ বছর বয়সী এরদোয়ান বলেন, আজ একটি নতুন দিন, তুরস্কের জন্য একটি মাইলফলক, তুরস্কের জন্মদিন, ছাই থেকে এর জন্ম হওয়ার দিন। আমি এটি বিশেষভাবে বলতে চাই, আমি তুরস্কের সাত কোটি ৭০ লাখ মানুষের প্রেসিডেন্ট, যারা আমাকে ভোট দিয়েছেন শুধু তাদের না। আমি এমন একজন প্রেসিডেন্ট হব যে পতাকার পক্ষে (তুরস্কের) কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। এর আগে তুরস্কের টেলিভিশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোয়ান নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সঙ্গে সঙ্গেই এরদোয়ানের উল্লসিত সমর্থকরা আঙ্কারার রাস্তায় বের হয়ে আসেন। পতাকা দুলিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে তারা বিজয় উদযাপন করেন।