সমাজকল্যাণ মন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রীসভা বৈঠকে অনির্ধারিত আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী মন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, যে কোন ব্যাপারে ভেবেচিন্তে কথা বলবেন। সভায় মহসিন আলীকে উদ্দেশ্য করে রসিকতার ছলে শেখ হাসিনা বলেন, ‘কী হলো আপনার? আপনাকে নিয়ে এত লেখালেখি কেন? মঞ্চে সিগারেট খেলেন, পত্রিকায় এলো। এরপর সিগারেট ছেড়ে দিলেন। এগুলো তো আপনার জন্য ভালোই।’ এ সময় মহসিন আলী আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘স্থানীয় দু’একজন সাংবাদিক আপনাকে (প্রধানমন্ত্রী) ও অর্থমন্ত্রীকে নিয়ে অশালীন কথা বলায় আমি উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলি।’ এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাজকল্যাণ মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘খবিশ, রাবিশ কাছাকাছি শব্দ। এভাবে খবিশ বলা কোথায় পেলেন?’ মহসিন আলী তাত্ক্ষণাত্ জবাব দেন, ‘খবিশ, রাবিশ এক জায়গা থেকেই এসেছে কিনা তাই।’ এরপর শেখ হাসিনা সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে নানা বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে সমাজকল্যাণ মন্ত্রীকে ভবিষ্যতে এ ধরনের কোন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি না করার জন্য সতর্ক করে দেন। প্রসঙ্গত, গত শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা খবিশ ও চরিত্রহীন।’ পরে সাংবাদিকদের ক্ষোভের মুখে রবিবার তিনি দুঃখ প্রকাশ করেন। এর আগে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চে শিশুদের সামনে ধূমপান করে বিতর্কিত হন মহসিন আলী। ওই ঘটনায়ও তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়া গত ২২ জুলাই নিজ মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে ইলেকট্রনিক গণমাধ্যমের (টেলিভিশন চ্যানেল) কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, এমন আইন করা হচ্ছে যে তাদের (সাংবাদিকদের) কোন স্বাধীনতা থাকবে না। অন্যদিকে ২৩ জুলাই রাজধানীর সমাজসেবা অধিদফতরে এক অনুষ্ঠানে প্রায় পুরো সময় মন্ত্রী ঘুমিয়ে কাটান। এ ঘটনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মন্ত্রীর অপসারণ দাবি, অনুষ্ঠান বর্জনের ঘোষণা সিলেট অফিস জানায়, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে মন্ত্রীর অপসারণ দাবি করা হয়েছে। এ দাবিতে সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সোমবার সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশে এসব সিদ্ধান্ত নেয়া হয়। সাংবাদিকদের সমপর্কে সমাজকল্যাণ মন্ত্রীর অশালীন ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সিলেট প্রেসক্লাব এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, মন্ত্রীর অপসারণ দাবিতে সাংবাদিকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি স্থানীয় পত্রিকাগুলোতে মঙ্গলবার থেকে ৫ দিন এক ইঞ্চি দুই কলাম জায়গা খালি রাখা এবং মঙ্গলবার থেকে তিন দিন এক ঘন্টা করে কলমবিরতি পালনের সিদ্ধান্ত হয়েছে। সিলেট প্রেসক্লাবের সাধারণ সমপাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ নূর, আজিজুল হক মানিক, মুহাম্মদ ফয়জুর রহমান, সমরেন্দ্র বিশ্বাস সমর, ইকরামুল কবির, আ.ফ.ম সাঈদ প্রমুখ।