আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

আশুলিয়ার বেরুন এলাকায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল সোমবার সকালে নয় শতাধিক শ্রমিক কারখানার ভিতরে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানায়।এসময় কারখানা কর্তৃপক্ষ কিছু সমস্যার কারণে গতকাল বেতন দিতে পারবে না বলে শ্রমিকদের জানালে তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করতে থাকে। সকালে ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানার সামনে এসে অবস্থান নেয় এবং তাদের পুনরায় কাজে বহাল রাখার দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের অন্দোলনে উস্কে দেয়া ও কারখানার ভিতরে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ইতিপূর্বে ৪৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। কারখানাটির একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, মালিকপক্ষ বিভিন্ন সময়ে নানা অজুহাতে বিনা নোটিসে শ্রমিকদের চাকরিচ্যুত করেন।এছাড়া প্রতিমাসের বেতন পরিশোধ নিয়েও বিভিন্ন সময় নানা তালবাহানা করেন। শিল্প পুলিশ ১-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি বিষয়টির সমাধান হয়ে যাবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।