হাইকোর্টের নির্দেশনায় পরীক্ষা দিল জাবির বহিষ্কৃত তিন ছাত্রী

র্যাগিংয়ের দায়ে আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেই তিন ছাত্রী তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পর্ব পরীক্ষা দিয়েছেন। গতকাল সোমবার হাইকোর্টের নির্দেশনা হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই তিন ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। দুই ছাত্রী হাইকোর্টের নির্দেশনা নিয়ে পরীক্ষা দিলেও অপর ছাত্রী নির্দেশনা ছাড়াই পরীক্ষা দিয়েছেন। বহিষ্কৃত সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া মাহজুবা উচ্চ আদালতে রিট করলে রবিবার শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এই দুই ছাত্রীর পরীক্ষা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (আইন) মো. মাহতাব-উজ-জাহিদ বলেন, শুনানি শেষে সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া মাহজুবার পরীক্ষা নেয়ার জন্য আদালতের নির্দেশনা হাতে পেয়িছি। এরপর তাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৮ জুলাই জাহানারা ইমাম হলের ৪৩তম ব্যাচের নবীন ছাত্রী মমতাজ বেগম অন্তরাকে শারীরিক নির্যাতন (র্যাগ) করে মার্কেটিং বিভাগের ৪২ ব্যাচের ছাত্রী সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া মাহজুবা। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ২৩ জুলাই নিয়মিত সিন্ডিকেট সভায় তাদের আজীবন বহিষ্কৃতসহ ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।