জাতিসংঘ মিশন শেষে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৭
ভূ-মধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লেবাননে দীর্ঘ চার বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’। গতকাল সোমবার সকালে জাহাজ দু’টি চট্টগ্রামের নৌবাহিনী জেটিতে এসে ভিড়লে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এ.এম.এম.এম আওরঙ্গজেব চৌধুরী, এনডিসি, পিএসসি।
এসময় উত্সবমুখর পরিবেশে চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশে ফিরে আসা জাহাজের কর্মকর্তা, নাবিক ও নৌবাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিউগল ধ্বনিতে, নৌবাহিনী বাদক দলের অপূর্ব সুর মূর্ছনায় বাংলাদেশের বীর নৌ সেনাদের বহনকারী জাহাজ দু’টি জেটিতে ভিড়েছে।
দেশে ফিরে ইউনাইটেড নেশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফল)-এর অধীনে মেরিটাইম টাস্কফোর্সের বাংলাদেশ কন্টিনজেন্টের-৪ এর সিনিয়র কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সফল শান্তি মিশন শেষে এই ফিরে আসা গৌরবের। এ মিশনের মধ্য দিয়ে অন্য দেশের দক্ষ বাহিনীর সাথে কাজ করার বিরল সুযোগ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মিশনের কর্মকর্তা ক্যাপ্টেন আসিফুল ইসলাম খান জানান, লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর অর্জন করা সুনাম ও প্রশংসা সেখানে বসবাসরত বাঙালি সমাজের মুখ উজ্জ্বল করেছে।