বঙ্গবন্ধু বেঁচে আছেন স্বপ্নের সীমানায় গৌরবের আকাঙ্ক্ষায়

শোকের মাস যেন একটি কালো গোলাপ। এই মাসকে নিয়েই সৌরভ এবং রঙের সঙ্গে এক হয় গৌরব ও বেদনার ধারণা। গৌরব স্বাধীনতার মতো বড় অর্জন। আর শোক স্বাধীনতার স্বপ্ন দেখানো মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়া। এ দু’টো সত্যকে এক করে আগস্ট মাস প্রবলভাবে অর্থবহ। তিনি ছিলেন বলে আমরা স্বাধীনতার মতো বড় অর্জন পেয়েছি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে নিজ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ এখন একটি নাম নিঃসন্দেহে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু ছড়িয়ে আছে তাঁর আদর্শ ও স্বপ্ন। দুঃখী মানুষের জীবন বদলানোর জন্য তাঁর অন্তহীন প্রেরণা আজকের বাংলাদেশকে অনেকখানি সফল করেছে।চেষ্টা হচ্ছে সবটুকু সাফল্যের। এগিয়ে যাওয়ার প্রত্যয় এই দেশকে সমৃদ্ধ করবে। তিনি সশরীরে না থেকেও বেঁচে আছেন স্বপ্নের সীমানায়, গৌরবের আকাঙ্ক্ষায়। জীবনের জন্য শোক কোনো শেষ কথা নয়। শোক যে শক্তির উত্স হয়, বাংলাদেশ তার প্রমাণ। এ দেশের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। একজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। প্রত্যাশা করা যায় নিকট ভবিষ্যতে বাকি রায়ও কার্যকর হবে। তাঁর মৃত্যুর পরে এ দেশে মৌলবাদীদের উত্থান ঘটে। তারা চেয়েছিল দেশটিকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দিতে। কিন্তু সেটা হয়নি। শোককে শক্তিতে পরিণত করেছে দেশের মানুষ। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ মানবিক চেতনার ঠিকানা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজকের বাংলাদেশ মানুষের প্রকৃত আবাসস্থল হোক এটাই সবার প্রত্যাশা। এই প্রত্যাশার জয়গানে মুখরিত আজ শোকের মাস। [লেখক: কথাশিল্পী]