চট্টগ্রাম বন্দরে আমদানি করা মাছ খালাস বন্ধ
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২২:৪৩
মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকার অভিযোগে চট্টগ্রাম বন্দরে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা দুই শতাধিক কন্টেইনার মাছ খালাস বন্ধ রয়েছে। আমদানি করা এসব মাছ নিম্নমানের এবং এতে মানব দেহের ক্ষতিকর উপাদান রয়েছে এমন অভিযোগ পাওয়ার পর মত্স মন্ত্রণালয় মাছ ছাড় করার আগে বাড়তি কিছু পরীক্ষার নির্দেশ দেয়। তারপর থেকেই মাছ খালাস বন্ধ রয়েছে। দেশে মাছ আহরণের সঙ্গে জড়িত সংস্থার পক্ষ থেকে উল্লেখিত অভিযোগ আনা হয়।
দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে থেকে সাদ ফিস ও সারডিন ফিস নামে দুই ধরণের মাছ আমদানি করা হয়। দেশের বাজারে এগুলো চন্দনা ইলিশ ও কলোম্ব ফিস নামে বিক্রি হয়। জানা যায়, ইতিপূর্বে আমদানি করা ২২ কন্টেইনার মাছের মধ্যে ১২ কন্টেইনারে মানবদেহের জন্য ক্ষতিকর একটি উপাদান সহনীয় মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। মত্স মন্ত্রণালয়ে করা অভিযোগে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যে সকল স্থানে তেল উত্তোলন করা হয়। ওই সকল স্থান থেকে এই মাছ ধরা হয়। ফলে এসব মাছে মানবদেহের ক্ষতিকর উপাদান রয়েছে। তবে আমদানিকারকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগ ষড়যন্ত্রমূলক। যে একটি উপাদান আমদানি করা মাছের মধ্যে সহনীয় মাত্রার চেয়ে বেশি বলা হচ্ছে তা দেশীয় মাছেও রয়েছে। তাছাড়া এসব মাছ গভীর সমুদ্র থেকে ধরা হয়।
এদিকে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার নিয়াজুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা মাছ খালাস বন্ধ রয়েছে। তিনি বলেন, আমদানিকারকগণ বিল অব এন্ট্রি দাখিল করছেন না। তাদেরকে পরীক্ষার মাধ্যমে মাছ খালাস নেয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।