টাঙ্গুয়ার হাওরে মত্স্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র স্থাপন

টাঙ্গুয়ার হাওরের মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় এই এলাকায় একটি মত্স্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে এই হাওরে অবৈধ ভাবে মাছ আহরণ বন্ধ হবে। এটি বাস্তবায়ন করেছে ‘হেলভেটারস সুইস ইন্টার-কোঅপারেশন’ নামের একটি এনজিও সংস্থা। গতকাল সোমবার এর উদ্বোধন করা হলে মত্স্যজীবীরা সেখানে মাছ বিক্রি শুরু করেন। গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ভবানীপুর গ্রামে এই ‘মাছ সংগ্রহ ও বিক্রয় কেন্দ্রে’র উদ্বোধনের পর সংস্লিষ্টরা জানান, টাঙ্গুয়ার হাওরে বৈধভাবে মাছ ধরে এ কেন্দ্রে মাছ বিক্রি করতে পারবেন মত্স্যজীবীরা। ন্যায্য দামও মিলবে বলে তাদের আশা। উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান বিশ্বজিত্ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাংগুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের ব্যবস্থাপক সাইদ মাহমুদ রিয়াদ, হেলভেটারস সুইস ইন্টার- কোআপারেশন’র প্রোগাম অফিসার জাহিদ হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মত্স্যজীবীরা প্রায় দুইশ’ কেজি মাছ বিক্রি করেন। সাইদ মাহমুদ রিয়াদ জানান, কেন্দ্রটি অবৈধ ভাবে মাছ আহরণ বন্ধ করবে। এতে টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষা পাবে। জাহিদ হাসান জানান, এই এলাকায় পর্যায়ক্রমে আরো মত্স্য বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।