সৃজনশীল পদ্ধতি ভয় নয়-ভয়কে করো জয়
মাছুমা আকতার, সহকারি শিক্ষক ওছখালী আলীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:২৯
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিন পরেই তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রস্তুতি তো নিতে হবে। তাই না? আর এখন তো সব পরীক্ষা হচ্ছে
সৃজনশীল পদ্ধতিতে। তাই শুধু মুখস্থ বিদ্যায় আর হবে না। মাথাটা একটু খাটাতে হবে। যেহেতু সৃজনশীল পদ্ধতিতে কোন গাইড কিংবা পুরনো প্রশ্ন থেকে কমন পড়ার কোন সম্ভাবনাই নেই, তাই পাঠ্যবইটাকে খুব ভালো করে পড়তে হবে। আমাদের দেশে সব শিক্ষার্থীই কিন্তু সবাই সব বিষয়ে সমান পারদর্শী নয়। কেউ গণিত খুব ভালো পারে, কেউ আবার বিজ্ঞান। আবার বাংলা বিষয়ের নাম শুনলেই কারো বা মুখ শুকিয়ে যায়।
আজ আমরা সৃজনশীল পদ্ধতিতে কিভাবে বাংলা বিষয়ে আনন্দের সাথে পাঠকে আত্মস্থ করা যায়, সহজবোধ্য করে তোলা যায় সে বিষয়ে কিছু কথা বলবো।
বাংলা আমাদের মাতৃভাষা। তাই এ ভাষাটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে। এ ভাষায় নিজেকে সমৃদ্ধ করতে হলে তোমাদের বয়স উপযোগী বিভিন্ন কবি সাহিত্যিকের ছড়া, কবিতা, গল্প, সংবাদপত্র এগুলো নিয়মিত পড়তে হবে। এতে করে তোমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে, চিন্তাশক্তি বাড়বে। নিজ থেকে কিছু লেখার ক্ষমতা তৈরি হবে। তোমরা প্রতিদিন নির্দিষ্ট কোন বিষয়ের উপর ১০টা করে বাক্য নিজ থেকে লেখার অনুশীলন করতে পার। যেমন ধরো, তোমার মা, তোমার প্রিয় বন্ধু, তোমার ছোট ভাই/ ছোট বোন, যাকে তুমি খুব ভালোবাস তাকে নিয়ে একটি ছড়া বা কয়েকটি বাক্য লেখার চেষ্টা করতে পার। তোমার প্রতিদিনের কথাবার্তায় কিছু নতুন শব্দ প্রয়োগ করতে পার। এ ব্যাপারে মা, বাবা, ভাই-বোন কিংবা অন্যান্য সদস্যরা তোমাকে সাহায্য করতে পারেন। যেমন ধরো, মা তোমাকে ডাকলেন, ‘বাবু খেতে আয়।’ তুমি বললে, ‘মা, ইচ্ছে করছে না।’ এখন তুমি ভাবতে পারো ‘ইচ্ছে’ শব্দটার আর কি প্রতিশব্দ থাকতে পারে এবং সেটা তুমি মায়ের কাছ থেকেও জেনে নিতে পার। শুধুমাত্র বই পড়েই সব শিখতে হবে তা কিন্তু নয়। প্রকৃতি থেকেও শিখতে হয়। আমাদের পরিবার, আমাদের পরিবেশ, আমাদের প্রতিদিনের জীবন-যাপন সবকিছু থেকেই আমরা প্রতিনিয়ত শিখতে পারি। তার জন্য তোমাদের অন্তরে ভাবনার বীজ বপন করতে হবে। যেমন, তোমাদের বাংলা পাঠ্যপুস্তকে একটি কবিতা আছে ‘শব্দদূষণ’। কবিতাটিতে শব্দদূষণের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। এখন তোমার নিজ পরিবেশে কিভাবে শব্দদূষণ হচ্ছে সেটা যদি তুমি একটু ভাবো, তাহলে কোন বই থেকে তা মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তোমার ভাবনাটাই কালির আঁঁচড়ে ফুটে উঠবে। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে সৃজনশীলতা। নিয়মিত অনুশীলন আর সযত্ন পরিচর্যায় তোমরা প্রত্যেকেই হতে পারো এক একজন সৃষ্টিশীল মানুষ। শুধু তোমাদের ভাবনার ব্যাপ্তিটা একটু বাড়াতে হবে। ভাবতে হবে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য নিয়ে। শুধু বাংলা বিষয় নয়, প্রতিটি বিষয়েই এ ধরনের অনুশীলন আর পাঠ্যপুস্তকটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারলেই সৃজনশীল পদ্ধতিটাকে ভয় নয়-বরং দেখবে এক অপার আনন্দ অপেক্ষা করছে তোমার জন্য।