পঞ্চগড়ে ১৫ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত, ঈদ উৎসব অনিশ্চিত

বে-সামরিক গেজেটের ‘জ’ ক্রমিকে তালিকায় নাম থাকায় প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরেও পঞ্চগড়ের বোদা ও পঞ্চগড় সদর উপজেলার মোট ১৫ জন মুক্তিযোদ্ধার প্রাপ্ত ভাতা স্থগিত করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখার ২৪ এপ্রিল জারি করা পরিপত্রের আলোকে এ ১৫ জনের ভাতা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান, যাচাই-বাছাই কমিটির সভায় বে-সামরিক গেজেটের ‘জ’ ক্রমিকের (ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট) আবেদনকারীগণ অনুপস্থিত থাকার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আবেদনকারী মুক্তিযোদ্ধাদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভূক্ত করা হয়। এ ক্ষেত্রে ‘গ’ শ্রেণিতে অর্ন্তভূক্ত মুক্তিযোদ্ধাগণ তাদের প্রকৃত কাগজপত্র প্রদর্শণ করলে পুনরায় ভাতা প্রপ্তির সুবিধা পাবেন বলে তিনি  উল্লেখ করেন।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রাক্কালে তিন মাসের ভাতাসহ ঈদ উৎসব ভাতা স্থগিত করায় এসব মুক্তিযোদ্ধা পরিবারের ঈদ উৎসব পালন অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারে সদস্যদের মাঝে নেমে এসেছে হতাশা। এসব মুক্তিযোদ্ধারা তালিকাভূক্ত হওয়ার পর থেকে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম মন্টু ভাতা স্থগিত করায় এ আদেশকে মক্তিযুদ্ধ ও মক্তিযোদ্ধাদের অসম্মান ও অবমূল্যায়নের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেছেন, ‘ভূয়া মুক্তিযোদ্ধাদের প্রভাবে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

আরও পড়ুন: মঠবাড়িয়ায় সাংবাদিকের বিরুদ্ধে চেয়ারম্যানের মানহানী মামলা

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষে দ্রুত স্থগিতাদেশ প্রতাহারের দাবি করেছেন উল্লেখিত ১৫ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার।

ইত্তেফাক/নূহু