বাজারে এসেছে উচ্চ মাধ্যমিকের তিন বই!

একাদশ শ্রেণির বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে’র নতুন শিক্ষাক্রমের নতুন বই বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মন্ত্রী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইংরেজি পাঠ্যপুস্তক বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি মুদ্রক ও প্রকাশকদের কাছ থেকে গ্রহণ করা ১০ সেট বই ১০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করেন। শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিবি প্রতিবছর ৩২ কোটি বই ছাপায়। সারাবিশ্বে এত বই কেউ ছাপায় না। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে’র প্রতিটি বইয়ের ছয় লাখ করে কপি ছাপানো হয়েছে। বাংলা সাহিত্য পাঠের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১০২ টাকা, বাংলা সহপাঠের মূল্য ৪৭ টাকা এবং মূল্য ৯০ টাকা। এর মধ্যে বাংলা সাহিত্য পাঠ ও বাংলা সহপাঠ বই দুটো নতুন শিক্ষাক্রমে লেখা। ইংলিশ ফর টুডেড’তে নমুনা প্রশ্ন যুক্ত করা হয়েছে। প্রতিটি বইয়ের সূচিপত্র ও প্রসঙ্গ কথাসহ ইনারে হলুদ রঙের নিরাপত্তা কাগজ ব্যবহার করা হয়েছে। বইগুলোর কভার ৩০০ গ্রামের আর্ট কার্ডে চার রঙের প্রচ্ছদ করা হয়েছে। তাত্ক্ষণিক চাহিদা মেটানোর জন্য প্রতিটি বিষয়ের আরো এক লাখ ২০ হাজার কপি অতিরিক্ত মুদ্রণের কার্যাদেশ প্রদান করা হয়েছে।