বিষয় ভাবনা
আবু হানিফ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৩
আবু হানিফের জন্ম গ্রামে। বেড়ে ওঠাও সেখানে। শৈশব থেকে তিনি জেনে আসতেন, তাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়তে হবে। ইঞ্জিনিয়ার হতে হবে। তার বাবা-মা তার ভেতরে স্বপ্নের এ বীজটাই রোপণ করে দিয়েছিলেন। গ্রামে বুয়েটে পড়া মানে ইঞ্জিনিয়ার। আর ইঞ্জিনিয়ার মানে সচ্ছল এবং স্বাচ্ছন্দ্যের জীবন। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়েও যে অনেক ভাগ রয়েছে। তাদেরও যে বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে, সে বিষয়েও খুব কম মানুষের ধারণা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বপ্ন পূরণের সুযোগ লাভ করেন। বিষয় হিসেবে বেছে নেন নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগ। এ বিষয় বেছে নেয়ার কারণ বাংলাদেশের নগরগুলো অপরিকল্পিত। প্রতিদিন নগরগুলোতে চাপ বাড়ছে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে বলেন, ‘দেশের প্ল্যানিং কমিশন, রাজউক, চউক,খুউক এবং রাউকসমূহে এ এবং বি ক্যাটাগরির পৌরসভাগুলোতে মাস্টার প্ল্যান তৈরি, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাইকা, ইউএনডিপি, ডিএফআইডির গবেষণামূলক কাজ, দেশীয় এনজিও, দেশীয় এবং আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম, বিদেশের বড় বড় সিটি কর্পোরেশনে চাকরি এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউটর হিসেবে এ বিষয়ের বেশ চাহিদা রয়েছে।’
আমাদের দেশে এ পেশার উন্নয়নের জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে মাথা ঘামানো প্রয়োজন। কারণ, সরকারি প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত পরিমাণ প্ল্যানার নিয়োগ, প্ল্যানারদের প্রমোশন সিস্টেমে ত্রুটি দূরীকরণ বিশেষ করে পদোন্নতির ব্যবস্থা, প্ল্যানিংয়ের কাজ প্ল্যানারদের দিয়ে করানো, প্ল্যানারদের কর্মদক্ষতা সম্পর্কে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারের পক্ষ থেকে জানানো প্রয়োজন বলে মনে করেন আবু হানিফ। এ বিষয়ে পড়ার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানের শিক্ষার্থী হতে হবে। বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, জাবি এবং খুবিতে এ বিষয় পড়ানো হয়।
আবু হানিফ পড়ছেন মাস্টার্সে। স্নাতক পর্যায়ে থিসিসের জন্য বুয়েট থেকে পেয়েছিলেন আবদুল হামিদ থিসিস অ্যাওয়ার্ড। এ পর্যন্ত আন্তর্জাতিক জার্নালে তার ৩টি প্রবন্ধ ছাপা হয়েছে আর আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেছেন ৫টি প্রবন্ধ। ইতিমধ্যে দেশে-বিদেশে কয়েকটি ইয়ুথ লিডারশিপ সামিটে অংশ নিয়েছেন। নগর ও অঞ্চল পরিকল্পনায় কাজ করার সুবাদে ফেলোশিপের আওতায় প্রশিক্ষণের জন্য ভারত ও মালয়েশিয়ায় গিয়েছেন। মাস্টার্সে পড়াশোনার পাশাপাশি তিনি একটি বেসরকারি রিয়েল এস্টেট কোম্পানিতে আরবান প্ল্যানার অ্যান্ড জিআইএস এক্সপার্ট হিসেবে কাজ করছেন। তার স্বপ্ন দেশের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে গ্রাম উন্নয়নে কাজ করবেন।