নবীগঞ্জের পিংলি নদীতে ভেসে উঠলো যুবকের হাত-পা বাঁধা লাশ

নবীগঞ্জ উপজেলার পিংলি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের পিংলি নদীতে সকালে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন। তারা তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে এস আই সমিরন দাশ, এস আই নাজমুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় লাশের দুই হাত ও দুই পা দড়ি দিয়ে বাঁধা এবং কোমরে গেঞ্জি দিয়ে তিনটি ইট বাঁধা ছিল বলে জানায় পুলিশ।

পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে ১৫ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত, ঈদ উৎসব অনিশ্চিত

ওসি ইকবাল হোসেন বলেন, উদ্ধারকৃত লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে হাত-পা বেঁধে লাশটি ডুবে যাওয়ার জন্য কোমরে ইট বেধে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ তার পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

ইত্তেফাক/নূহু