ঈদ-উল-ফিতরের ছুটিতে ভারতে যাওয়া পর্যটকদের সংখ্যা বেড়েছে। ভিসার সহজলভ্যতা ও কম খরচের কারণে অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ কাটাতে এবং ঘুরতে ভারত যাচ্ছেন। শুক্রবার বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। নিরাপত্তা ও বিশৃংখলা এড়াতে রয়েছে পুলিশের তীক্ষ্ণ নজরদারি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত যাত্রীর আগমন ও বহির্গমন বেড়েছে। ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ১৫ হাজার ৪২০ জন এবং বাংলাদেশ থেকে ভারতগামী ছিলেন ১৯ হাজার ২২৫ জন। এরপর ২৪ তারিখ থেকে ৩০ মে পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ১৮ হাজার ৬২০ জন এবং বহির্গমন ছিল ২২ হাজার ২২০ জন।
শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতগামী যশোরের সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম বলেন, এবার ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভারত যাচ্ছি ঈদ করতে। তিনি বলেন, দেশে তো সবসময় ঈদ করা হয়। মেয়ে, নাতি, জামাইকে নিয়ে এবার দেশের বাইরে ঈদ করাসহ দর্শনীয় জায়গা ভ্রমণ করার জন্য ভারত যাচ্ছি।
আরও পড়ুন: চলে গেলেন ভাষা সৈনিক লায়লা নূর
ঢাকা থেকে আসা খালেদা পারভীন ও তার স্বামী আব্দুল জলিল বলেন, ঈদের আনন্দটা একটু অন্যরকম। এবার ঈদে একটু আগে থেকে ছুটি পাওয়ায় ভারতে যাচ্ছি ঈদ করতে। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করব। অনেক যাত্রী জানান, এ বছর ঈদের ছুটি লম্বা হওয়ায় বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্যও তারা ভারত যাচ্ছেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ঈদের ছুটিতে যাত্রী সংখ্যা বৃহস্পতিবার বিকাল থেকে বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীদের সেবায় আমাদের ডেস্ক একটানা কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/অনি