মম’র পর এবারে তিতানকে ব্রেক দিচ্ছেন রাকিব

বড় পর্দার ব্যস্ত পরিচালক রাকিবুল আলম রাকিব। বাণিজ্যিক ছবির ধারায় নতুন এক সঞ্চালনা শুরু করেছেন তিনি। ইতোমধ্যে অনেকগুলো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এই মুহূর্তে তার ব্যস্ততা তার নতুন ছবি ‘হিটার’ নিয়ে। ছবিটিতে অভিনয় করেছেন, জায়েদ খান, শাহরিয়ার শুভ, রাফসান, পরিমণি, তিতান চৌধুরী প্রমুখ। আগের ছবিতে রাকিব ছোটপর্দার মমকে প্রথমবারের মতো পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে এনেছিলেন। এবারে আনছেন নাট্যযুদ্ধের রিয়েলিটি নবাগতা তিতানকে। উল্লেখ্য, রাকিবের পরিচালনায় ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল। ছবির কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। আগমী সপ্তাহে সেন্সরে জমা পড়বে ছবিটি। এতে অভিনয় করেছেন জায়েদ খান, আনিসুর রহমান মিলন, জাকিয়া বারি মম প্রমুখ। কোরবানি ঈদে ছবিটি মুক্তির কথা নিশ্চিত করেন রাকিব। এই ছবিটির মধ্য দিয়ে বাণিজ্যিক ছবিতে অভিষেক হয় ছোটপর্দার জাকারিয় বারি মমর। ছবি প্রসঙ্গে রাকিব বলেন, ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটিতে অনেক আকর্ষণ নিয়ে আসছি। এখানে দর্শক নতুন এক জায়েদ খানকে দেখতে পাবেন। এছাড়া ছবির গল্পেও চমক থাকছে।’ এই মুহূর্তে রাকিব তার ‘হিটার’ ছবির ব্যস্ততা ছাড়াও নতুন এক ছবির পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘গার্ল ফ্রেন্ড’ শিরোনামে নতুন ছবিটির কাজ এখন শুরুর পর্যায়ে। ছবিটির অভিনয় শিল্পী এখনও নির্ধারণ করা হয়নি।