শেয়ারবাজারে দর সংশোধন

শেয়ারবাজারে টানা ছয় কার্যদিবস সূচক বাড়ার পর গতকাল মঙ্গলবার কিছুটা দর সংশোধন হয়েছে। সূচক বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েকদিনে যে কোম্পানিগুলোর দর বেড়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই সে কোম্পানিগুলোর দর সংশোধন হয়েছে। তবে গতকাল মিউচ্যুয়াল ফান্ডের প্রায় সবগুলো ইউনিটের দর বেড়েছে। সামনে তাদের লভ্যাংশ ঘোষণার প্রত্যাশায় দর বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৩৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি ৮১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। সিএসই জানিয়েছে, সামপ্রতিক সময়ে হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। দর বাড়ার কারণ জানতে সিএসই’র এক নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গতকাল কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ আগস্ট সিএসইতে হা-ওয়েলের শেয়ার ৩৬ টাকায় লেনদেন হয়। আর গত সোমবার তা ৫৪ টাকায় লেনদেন হয়েছে। অর্থাত্ বিগত ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৯ শতাংশ। এদিকে রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়াতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনে সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে। ফেস ভ্যালু ১০০ টাকার সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়ামসহ আইসিবির প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৫০০ টাকা। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাত্ বিনিয়োগকারীরা ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন।