স্ট্যাম্প আকৃতির চিপে সুপারকম্পিউটার!
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২০:২৮
দিন দিন প্রযুক্তি পণ্যের আকার ছোট হয়ে আসছে, তা বলা বাহুল্য। কিন্তু তাই বলে স্ট্যাম্প আকৃতির একটি চিপে সুপারকম্পিউটারের ক্ষমতা! শুনতে অবাক হলেও সম্প্রতি এমনই একটি কম্পিউটার চিপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন আইবিএম-এর একদল গবেষক। ‘ট্রুনর্থ’ নামের এই চিপের আরও একটি বিশেষত্ব হলো একে তৈরি করা হয়েছে অনেকটাই মানবমস্তিষ্কের আদলে। আর এই ক্ষুদ্র চিপেই বসানো হয়েছে এক মিলিয়ন বা ১০ লক্ষ কম্পিউটেশনাল ইউনিট যাদের প্রতিটিকেই বলা হচ্ছে ‘নিউরন’। এই নিউরনগুলোর একেকটি অন্য আরও ২৫৬টি নিউরনের সাথে পরস্পরসংযুক্ত। এসব নিউরন খুব অল্প শক্তি ব্যবহার করেই একত্রে রিয়েল টাইমে বড় ক্ষমতার কাজ করতে সক্ষম। জার্নাল সায়েন্সে এই বিষয়ে ছাপা হয়েছে এই গবেষণার ফলাফল। এ সংক্রান্ত সন্দর্ভে (গবেষণামূলক প্রবন্ধ) গবেষক ড. ধর্মেন্দ্র মোধা জানিয়েছেন, এই চিপ একাই যে পরিমাণ কাজ করতে পারে তা ২০০ জন ব্যক্তির এক বছরের কাজের সমাতুল্য। নতুন এক যুগের জন্য একে নতুন একটি মেশিন হিসেবেই অভিহিত করেছেন তিনি। তবে বাণিজ্যিকভাবে একে বাজারজাত করার জন্য আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। সন্দর্ভ থেকে জানা যায়, প্রচলিত কম্পিউটিং যন্ত্রগুলো যেভাবে ডিজাইন করা হয়ে থাকে, তাতে প্রসেসর এবং মেমোরি আলাদা থাকে। কিন্তু মানুষের মস্তিষ্কের গঠন থেকে অনুপ্রাণিত এই বিশেষ ডিজাইনের চিপ কম্পিউটেশন, কমিউনিকেশন এবং মেমোরিকে পরস্পরসংযুক্ত করে তুলেছে। এতে করে এটি অনেক বেশি দক্ষতার সাথে খুব অল্প সময়েই অনেক বেশি পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারে। এতে কাজ করার জন্য প্রোগ্রাম লেখার পদ্ধতিও প্রচলিত পদ্ধতির মতো হবে না। সম্পূর্ণ নতুন পদ্ধতি ব্যবহার করে এর জন্য প্রোগ্রাম লিখতে হবে বলে জানান গবেষকরা। এটি ব্যবহার করে যেসব কাজ করা যাবে, সেগুলো ঠিক নতুন এক প্রজন্মের প্রযুক্তি হবে বলেও জানিয়েছেন তারা।