নাইজেরিয়ায় স্বামীদের যুদ্ধে পাঠানোর বিরুদ্ধে স্ত্রীদের বিক্ষোভ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২০:৪৯
বোকো হারামের সাথে যুদ্ধ করতে স্বামীদের পাঠানো হবে বলে সেনাবাহিনীর সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেন নাইজেরীয় সেনা সদস্যদের স্ত্রীরা। দেশটির বোর্নিও প্রদেশের একটি ব্যারাকে এ প্রতিবাদের ঘটনা ঘটে বলে জানিয়েছে এক বিক্ষোভকারী।
এর আগে জঙ্গিদের কাছ থেকে গওজা শহর পুনরুদ্ধার করতে সরকার তার দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। এরপর বেশ কয়েকজন সেনা সদস্যকে যুদ্ধে প্রেরণের সিদ্ধান্ত নেয় সামরিক বাহিনী। এর ফলে দেশটি উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নিও প্রদেশের মাইদুগুরি শহরের প্রধান সামরিক ব্যারাকে এসব সৈন্যদের স্ত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ১০০ জনের মত এ বিক্ষোভে অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রতি এই প্রথমবারের মত কোন অসন্তুষ্টির উত্থান ঘটলো। গত সপ্তাহে বোকো হারামের সদস্যরা গওজা শহরটি দখল করে নেয়।