কিশোরগঞ্জে খুনের দায়ে দুই জনের যাবজ্জীবন

ভৈরবের জুতার দোকানের এক কর্মচারীকে খুনের দায়ে একই দোকানের অপর দুই কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ এই রায় প্রদান করেন। দণ্ডিতরা হল- ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের মাসুদ (২০) ও কমলপুর গ্রামের জুয়েল(১৯)। ভৈরবের হাজী মার্কেটের এক জুতার দোকানের কর্মচারী ছিল মাসুদ, জুয়েল ও ভৈরবের গাছতলাপাড়া গ্রামের রবিন। ২০১০ সালের ২২ মে রাতে কাজ শেষে একই সঙ্গে তিনজন দোকানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রবিনের জবাই করা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ওই দিনই মাসুদ ও জুয়েলকে গ্রেফতার করে। পরে উভয়েই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে।